রাজশাহীর নওহাটা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আবদুল বারী খানের গণসংযোগ চলাকালে ককটেল হামলা হয়েছে। এতে প্রার্থীসহ সাতজন আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে পৌরসভার পুঠিয়াপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের মধ্যে মেয়র প্রার্থী আবদুল বারীসহ তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন হচ্ছেন আওয়ামী লীগের কর্মী মানিক হোসেন ও রাসেল আলী।
রাজশাহী মেডিকেল কলেজের ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) দায়িত্বে থাকা চিকিৎসক মোস্তফা কামাল রাত সাড়ে নয়টার দিকে বলেন, ‘আহত আবদুল বারীর শরীরে ক্ষতচিহ্ন রয়েছে। তিনি এখন অজ্ঞান অবস্থায় আছেন। কিছু সময় পেরোলেই বিষয়টি ভালোভাবে বোঝা যাবে।’
আহত অন্য চারজনকে নওহাটা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁরা হলেন নওহাটা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি মনসুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ইমদাদুল হক ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী।
আহত ইমদাদুল হক বলেন, ‘২৫ থেকে ৩০ জন আওয়ামী লীগ নেতা-কর্মী মেয়র প্রার্থীর সঙ্গে গণসংযোগ করছিলেন। এ সময় তাঁদের লক্ষ্য করে পরপর দুটি হাতবোমা ছোড়া হয়। একটি বোমা ফাঁকা জায়গায় পড়েলেও অপরটি তাঁদের মাঝখানে এসে পড়ে।’
পবা থানার ওসি বলেন, নওহাটার আনসার ক্যাম্পের পাশে পুঠিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে পাশের বাজারে গণসংযোগ করছিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। এ সময় দুটি হাতবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেপ্তার করতে পুলিশি অভিযান শুরু হয়েছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে রাতেই নওহাটায় বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। খবর পেয়ে স্থানীয় সাংসদ আয়েন উদ্দিন হাসপাতালে ছুটে যান আহত ব্যক্তিদের দেখতে। তিনি সাংবাদিকদের বলেন, পৌর নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে বিএনপির প্রার্থীর লোকজন ভোট ভন্ডুল করতে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।