ককটেল হামলায় আহত ব্যাংক কর্মচারীর মৃত্যু
১৮-দলীয় জোটের ডাকা অবরোধের প্রথম দিনে ককটেল হামলায় আহত বেসরকারি ব্যাংকে কর্মরত এক নারী কর্মচারী আজ বুধবার ভোরে মারা গেছেন।
ওই কর্মচারীর নাম আনোয়ারা বেগম (৪০)। তিনি ন্যাশনাল ব্যাংকের চতুর্থ শ্রেণীর কর্মচারী। আজ ভোর পৌনে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনোয়ারা বেগমের স্বজনেরা জানান, গতকাল বিকেলে অফিস থেকে ফেরার পথে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় সিটি করপোরেশন অফিসের সামনে ককটেল হামলার শিকার হন আনোয়ারা। বিস্ফোরণে তাঁর মাথায় আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতেই চিকিত্সকেরা তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালের আইসিইউতে কোনো বিছানা ফাঁকা ছিল না। রোগীকে অন্য হাসপাতালেও নেওয়া সম্ভব হয়নি। আজ ভোরে হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে আনোয়ারার মৃত্যু হয়।
১৮-দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচিতে এখন পর্যন্ত সারা দেশে সহিংসতায় ১০ জন মারা গেছেন। তাঁদের মধ্যে কুমিল্লায় অবরোধকারীদের পৃথক হামলায় বিজিবির এক সদস্যসহ দুজন মারা গেছেন। সাতক্ষীরায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেখানে গভীর রাতে যৌথবাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বগুড়ায় সংঘর্ষে বিএনপির এক নেতা এবং সিরাজগঞ্জ ও বরিশালের গৌরনদীতে দুজন পথচারী মারা গেছেন। ফেনীতে গত সন্ধ্যায় ককটেল বিস্ফোরণে আহত সিএনজিচালিত অটোরিকশার এক চালক রাতে হাসপাতালে মারা গেছেন। রাজধানীতে গতকাল ককটেল হামলায় আহত বেসরকারি ব্যাংকে কর্মরত এক নারী কর্মচারী আজ ভোরে মারা গেছেন।
নির্বাচন কমিশন ৫ জানুয়ারি ভোটের দিন ধার্য করে দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দেয় বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।