ককটেল হামলায় আহত ভেড়ামারার ইউএনও
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম গতকাল সোমবার রাতে দুর্বৃত্তদের ককটেল হামলায় আহত হয়েছেন। ইউএনওর কার্যালয়ের অফিস সহকারী আক্কাস আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যার পর ইউএনও রাজিবুল ইসলাম ভেড়ামারা অফিসার্স ক্লাবে ব্যাডমিন্টন খেলতে যান। রাত পৌনে ১০টার দিকে ক্লাব থেকে বের হওয়া মাত্র দুই যুবক তাঁকে লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করেন। এ সময় ককটেল বিস্ফোরিত হয়ে ইউএনওর কপাল ও গালে স্প্লিন্টারের আঘাত লাগে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ষোলদাগ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে তাঁর চিকির্যাসা চলছে। সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সি এ হালিম বলেন, দুর্বৃত্তদের ধরতে পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে। তিনি বলেন, ইউএনওর আঘাত গুরুতর নয়। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, তিনি ভেড়ামারার উদ্দেশে রওনা হয়েছেন।বিস্তারিত না জেনে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি জেলা প্রশাসক।