ককটেল হামলায় স্কুলশিক্ষক আহত
চট্টগ্রাম নগরের হালিশহর নয়াবাজার এলাকায় গতকাল রোববার সকালে হরতালের সমর্থকদের ককটেলের আঘাতে আহত হয়েছেন স্কুলশিক্ষক নুসরাত নাহরিন। তিনি মাথা ও পিঠে আঘাত পান। তাঁর পিঠে প্রায় ছয়টি সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে। বিকেলে হালিশহর আর্টিলারি সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। নুসরাত হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, নুসরাত গতকাল সকালে নগরের খুলশীর বাসা থেকে রিকশায় করে বিদ্যালয়ে আসছিলেন। সকাল সোয়া আটটার দিকে নয়াবাজার এলাকায় আসা মাত্র তাঁর রিকশা লক্ষ্য করে হরতাল-সমর্থকেরা ককটেল ছুড়ে মারে। এতে নুসরাতের মাথা ও পিঠে আঘাত লাগে। তিনি ওই রিকশা নিয়েই বিদ্যালয়ে রওনা হন।
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মনোরমা বেগম প্রথম আলোকে বলেন, ‘নুসরাত আহত হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে মুঠোফোনে বিষয়টি জানিয়েছেন।’ সহকারী প্রধান শিক্ষক জানান, নুসরাত শঙ্কামুক্ত।