ককটেল হিংস্রতার শিকার তিন শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ককটেল বিস্ফোরণে আহত দুই শিশু ষ ছবি: প্রথম আলো
ককটেল বিস্ফোরণে আহত দুই শিশু ষ ছবি: প্রথম আলো

সড়ক বিভাজনের মধ্যে লাগানো গাছের ফুল তুলে রাস্তা পার হচ্ছিল আট বছরের শিশু সোহেল মিয়া। এ সময় মোটরসাইকেল আরোহী তিন যুবক এসে কয়েকটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। একটি ককটেল বিস্ফোরিত হয় রাস্তায়। এতে শিশুটির হাত-পাসহ শরীর ঝলসে যায়। গতকাল সোমবার হরতাল চলাকালে সকাল সাতটার দিকে বগুড়া শহরের রেলস্টেশনসংলগ্ন সাতমাথা-তিনমাথা স্টেশন সড়কে এ ঘটনা ঘটে।
সোহেলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সেউজগাড়ি রেলবস্তিতে মা-বাবার সঙ্গে থাকত। তার বাবা শহীদুল ইসলাম একজন রিকশাচালক। তিনি জানান, হাসপাতালে ভর্তির পর যন্ত্রণায় কাতরাচ্ছে সোহেল।
শুধু সোহেল নয়, গতকাল হরতাল-সমর্থকদের ককটেলে আহত হয়েছে বগুড়ার আরও দুই পথশিশু। সকাল ১০টার দিকে শহরের স্টেশন ক্লাবসংলগ্ন ঝাউ-জঙ্গলে কাগজ কুড়াচ্ছিল শিশু রনি (৭) ও মিল্টন (৮)। সেখানে পড়ে ছিল অবিস্ফোরিত একটি ককটেল। কৌতূহলবশত লাল কাগজে মোড়ানো ককটেল দুটি একজন হাতে নিলে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে স্প্লিন্টারের আঘাতে মারাত্মক আহত হয় তারা।
স্থানীয় লোকজন উদ্ধার করে তাদের শজিমেক হাসপাতালে ভর্তি করে। রনি ও মিল্টন দুজনই বর্তমানে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। শহরের বউবাজার এলাকায় তারা দুজন থাকত বলে জানা গেছে।
পুলিশ সুপার মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাল কাগজে মোড়ানো ককটেল কৌতূহলবশত হাতে নিয়ে নাড়াচাড়া করার সময় তা বিস্ফোরিত হয়ে আহত হয়েছে দুই শিশু। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্টেশন সড়কেও অবিস্ফোরিত ককটেল হাতে নেওয়ার পর তা বিস্ফোরিত হয়েছে বলে আমাকে পুলিশ জানিয়েছে। আহত শিশুদের বিস্তারিত নাম-ঠিকানা সংগ্রহ করার জন্য পুলিশকে বলা হয়েছে।’