ককটেলসহ গ্রেপ্তার এক আসামির জামিন বাতিল
ককটেলসহ গ্রেপ্তার এক আসামির জামিন বাতিল করেছেন আদালত। তাঁর নাম মো. জসীম। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, গত বছরের ২০ ডিসেম্বর নগরের ডবলমুরিং থানার ঝরনাপাড়া এলাকা থেকে পাঁচটি ককটেলসহ মো. জসীম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে র্যাব। এই ঘটনায় র্যাব-৭-এর উপসহকারী পরিচালক হারুন অর রশিদ বাদী হয়ে ডবলমুরিং থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। আসামি জসীমকে কারাগারে পাঠান আদালত। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর হাকিম আবদুল কাদেরের আদালতে জামিনের আবেদন করা হলে তা নামঞ্জুর করা হয়। পাঁচ দিনের মাথায় একই আদালতে আবারও জামিনের আবেদন করা হলে তা মঞ্জুর করা হয়। আসামি দ্রুততম সময়ে জামিন পাওয়ায় তা বাতিলের জন্য ২ মার্চ রাষ্ট্রপক্ষ থেকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়। আদালত সোমবার শুনানির জন্য দিন ধার্য রাখেন। শুনানি শেষে আদালত আসামি জসীমের জামিন বাতিলের আদেশ দেন।