গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ ছাত্রশিবিরের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীরকে (২২) একটি ককটেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় টঙ্গীর মধুমিতা রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আলমগীরের মুঠোফোন জব্দ করে সরকারি কার্যালয়, থানা, পুলিশ, র্যাব, আওয়ামী লীগের নেতাদের ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা চালানোর উসকানিমূলক একাধিক খুদে বার্তা (এসএমএস) পাওয়া গেছে।
টঙ্গী মডেল থানার এসআই আলমগীর গাজী জানান, শনিবার রাতে আলমগীরকে আটক করা হয়। প্রথমে তিনি ছাত্রশিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন। গতকাল রোববার সকালে আবার জিজ্ঞাসাবাদ করা হলে তিনি শিবিরের সক্রিয় নেতা ও সাথি বলে স্বীকার করেন। মুঠোফোন বার্তায় তাঁকে সাংকেতিক কোড আলমগীর-৮১ নামে উল্লেখ করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে তাঁর মুঠোফোনে নাশকতা ও উসকানিমূলক এসএমএস পাঠানো হয়েছে। পরে তিনি অন্যদের মুঠোফোনে ওই সব এসএমএস পাঠান।
এসআই জানান, নাশকতা সৃষ্টি ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আলমগীরকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্তের জন্য মুঠোফোনটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নিয়েছে।