ককটেলে আঙুল হারানো সেই দুই শিশুর কথা


লিমা আক্তার ঘুমিয়ে আছে শান্তিতে। এই শিশুটি জানে না ককটেল কী, কেমন দেখতে আর কিইবা হয় এটা দিয়ে। অথচ এই ককটেলকে খেলার বল মনে করে ধরতেই বিস্ফোরণে ডান হাত ঝলসে যায় ওর।
তিন বছরের শিশুটি সব কথা বলতেও শেখেনি এখনো, শুধু ব্যথা বোঝাতে পারে। লিমার বাবা পেশায় গাড়িচালক আর মা পোশাকশ্রমিক।
গত শুক্রবার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু) গিয়ে দেখা যায়, ডান হাতে ব্যান্ডেজ নিয়ে ঘুমিয়ে আছে শিশুটি। মেয়ের শয্যাপাশে বসে দুশ্চিন্তাগ্রস্ত মা সোহাগী আক্তারের জিজ্ঞাসা, ‘কী অপরাধ করছিল আমার মেয়ে? সারাজীবন শেষ হইয়া গেল। এখন ওষুধ আর দুধ কিনতে পারতাছি না। মেয়ের হাতের চিকিৎসা ক্যামনে করমু?’
সোহাগী জানান, রাতে যন্ত্রণা বাড়ে বলে মেয়েটা ঘুমাতে পারে না। দিনে ঘুমায়।
১৮-দলীয় জোটের অবরোধ চলাকালে ৩ ডিসেম্বর সকালে রাজধানীর পূর্ব ইব্রাহীমপুরের ইটখোলা বাজারসংলগ্ন এলাকায় নিজ বাসার সামনে ময়লার স্তূপের পাশে পড়ে থাকা ককটেলকে খেলার বল মনে করেছিল লিমা। বলটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে তার ডান হাতের কবজি অবধি ঝলসে যায়।
চিকিৎসক মোহাম্মদ সালেহীন প্রথম আলোকে বলেন, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে লিমার ডান হাতের চারটি আঙুল ক্ষতবিক্ষত হয়। এখন আঙুল ও হাতের তালুতে চামড়া প্রতিস্থাপন করতে হবে। তবে ডান হাত দিয়ে স্বাভাবিক কাজও করতে পারবে না।
ওই হাসপাতালে ককটেল বিস্ফোরণের শিকার আরেক শিশু তোফাজ্জল (১১) চিকিৎসাধীন। গত ২১ নভেম্বর তেজগাঁওয়ে শাহিনবাগ সিভিল এভিয়েশন কোয়ার্টারের পাশে আবর্জনার স্তূপে একটি ককটেলকে বল মনে করে হাতে নেয় সে। আর বন্ধুদের দেখাতে নিয়ে যেতেই বিস্ফোরিত হয়। এতে সে তার ডান হাতের তিনটি আঙুল হারায়। বাঁ হাতেও রয়েছে ক্ষত।
তোফাজ্জল জানায়, সে আগের চেয়ে সুস্থ, তবে ড্রেসিং করার সময় বেশি ব্যথা লাগে। তৃতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিতে না পারা এই শিশুর জিজ্ঞাসা, ‘আফা, আমি আর কলম ধরতে পারমু না?’
মা ফরিদা বেগম জানান, ‘প্রথম আলোতে সংবাদ ছাপা হওয়ার পর অনেকে সাহায্য করছে। কিন্তু পোলার হাতের আঙুল তো আর আনন যাইব না।’
চিকিৎসক কাজী মিজানুর রহমান বলেন, সুস্থ হতে তোফাজ্জলের অকেজো হয়ে যাওয়া তালুতে চামড়া প্রতিস্থাপন করতে হবে।
গত ১ নভেম্বর পান্থপথের সড়ক বিভাজনে মুরাদ নামের এক শিশু ককটেল বিস্ফোরণে আহত হয়। ক্ষত শুকিয়ে যাওয়ায় গত সপ্তাহে সে হাসপাতাল থেকে নিজ বাড়িতে চলে গেছে।
তোফাজ্জল, লিমা ও মুরাদ, তিন শিশুর বাড়িই কিশোরগঞ্জ জেলায়।
বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সারা দেশে গত ২৬ অক্টোবর থেকে এ পর্যন্ত ১৮-দলীয় জোটের ডাকা হরতাল ও অবরোধে ককটেল বিস্ফোরণ ও পরিবহনে আগুন দেওয়ার ঘটনায় ২০ শিশু হতাহত হয়।