ককটেলে কবজি উড়ে যাওয়া শিশুটি চোখ খুলতে পারছে না
রাজশাহীতে খেলার সময় কুড়িয়ে পাওয়া ককটেলের বিস্ফোরণে হাতের কবজি উড়ে যাওয়া শিশুটি গতকাল রোববারও চোখ খুলতে পারেনি। চিকিৎসকেরা বলছেন, তার চোখে অস্ত্রোপচার করতে হবে।
গত শনিবার রাজশাহীর উপশহর নিউমার্কেট এলাকায় আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের বারান্দায় খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া একটি ককটেলের বিস্ফোরণে নাহিদুল ইসলামের বাঁ হাতের কবজি উড়ে যায়। ডান হাতের আঙুল ক্ষতিগ্রস্ত হয়। স্প্লিন্টারে তার চোখ-মুখ ক্ষতবিক্ষত হয়।
রাজশাহী মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের চিকিৎসক ও বিভাগীয় প্রধান বি কে দাম জানিয়েছেন, শিশুটির হাতের চিকিৎসা দেওয়া হয়েছে। একটু সুস্থ হলে কবজির কাছে মসৃণ করে কেটে দেওয়ার কাজটি করতে হবে। এ জন্য একটু সময় লাগবে। আর চোখের চিকিৎসকেরা তাকে দেখেছেন। তাঁরা বলেছেন, শিশুটির চোখের ভেতরে বারুদের গুঁড়া জমে আছে। এ জন্য সে চোখ খুলতে পারছে না। তার চোখে অস্ত্রোপচার করতে হবে। চিকিৎসক বি কে দাম বলেন, ‘আজ (রোববার) বিকেলে অস্ত্রোপচার করার কথা ছিল। এর ছয় ঘণ্টা আগে থেকে রোগীকে না খাইয়ে রাখতে হয়। কিন্তু ওর মা সকালে খাবার দেওয়ার কারণে আজ আর অস্ত্রোপচার হচ্ছে না।’ গতকাল বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, নাহিদুলকে সার্জারি বিভাগ থেকে চক্ষু বিভাগে পাঠানো হয়েছে। সেখানে গিয়ে দেখা যায়, শিশুটি কাঁদছে। তার মা মর্জিনা বেগম ছেলেকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু শিশু নাহিদ চোখ খুলতে পারছে না।
নাহিদুলের নানা মজিবুর রহমান বলেন, হাসপাতাল থেকে কোনো ওষুধ পাননি। সবই কিনতে হচ্ছে। এ পর্যন্ত ১৭-১৮ হাজার টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন শনিবার পাঁচ হাজার টাকা দিয়ে গেছেন। নগরের বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।