ককটেলে চোখ হারাল ছোট্ট রহিমা

খেলনা ভেবে লাল টেপ মোড়ানো ককটেলটি হাতে তুলে নিল শিশু রহিমা আক্তার (৯)। টেপ খুলতে গেলে সেটি বিস্ফোরিত হয়। চোখসহ শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টার বিদ্ধ হয় রহিমার। চিকিৎসকেরা জানিয়েছেন, রহিমার ডান চোখে আর দেখার সম্ভাবনা নেই।
গতকাল মঙ্গলবার রাজধানীর পশ্চিম জুরাইনে বাসার পাশে বালুর মাঠে খেলতে গিয়ে ছোট্ট রহিমার জীবনে এই দুর্দশা নেমে আসে।
শুধু রহিমাই নয়, গত শনিবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত রাজধানীতে তিন শতাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় সাংবাদিক, পুলিশ কর্মকর্তাসহ আহত অন্তত ২২ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং নিচ্ছেন। আহতদের অধিকাংশই হতদরিদ্র বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র।
গত শনিবার রাজধানীর দয়াগঞ্জ এলাকায় ককটেল বিস্ফোরণে আহত হন ফলবিক্রেতা সিরাজুল ইসলাম। একই দিন মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় হরতালকারীদের ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় আহত হন লেগুনাচালক জানে আলম। বাসাবোর কদমতলায় ককটেল বিস্ফোরণে আহত হন আলাল হোসেন নামের এক সিএনজি অটোরিকশাচালক। একই এলাকায় বাসে অগ্নিসংযোগে আহত হন নাসিমা আক্তার ও রেশমা নামের দুই পোশাককর্মী। দয়াগঞ্জ মোড়ে আবদুর রহমান নামের এক ঠিকাদার ককটেল বিস্ফোরণে আহত হন। গত রোববার ককটেল বিস্ফোরণে আহত হন জিকরুল হক নামের এক রিকশাচালক। এঁদের মধ্যে নাসিমা, সিরাজুল, জানে আলম ও আলাল হোসেন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।
চোখ হারাল ছোট্ট রহিমা: আহত রহিমার মা সোমা আক্তার প্রথম আলোকে বলেন, পশ্চিম জুরাইনে চার সন্তান ও স্বামী নিয়ে থাকেন তিনি। সন্তানদের মধ্যে রহিমা দ্বিতীয়। সে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণীতে পড়ে। গতকাল বেলা পৌনে ১১টার দিকে বাসার সামনে বালুর মাঠে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল রহিমা। সেখানেই একটি সিমেন্টের পরিত্যক্ত বস্তার নিচে লাল টেপ মোড়ানো ‘বস্তুটি’ দেখতে পেয়ে সে কুড়িয়ে নেয়। তারপর এ ঘটনা। রক্তাক্ত অবস্থায় রহিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হাসপাতালের চক্ষু বিভাগের সহকারী রেজিস্ট্রার আল মাহমুদ প্রথম আলোকে বলেন, শিশুটির দুই চোখই ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশি হয়েছে ডান চোখ। স্প্লিন্টারের আঘাতে ডান চোখের ভেতরে ফেটে গেছে। ওই চোখ দিয়ে দেখার সম্ভাবনা খুব কম।
রহিমার মা কাঁদতে কাঁদতে প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী সোবহান মোল্লা আগে অটোরিকশা চালালেও বর্তমানে তেমন কিছুই করেন না। তিনি আগে বাসাবাড়িতে কাজ করলেও শারীরিক অসুস্থতার কারণে এখন করতে পারেন না। মা-বোনদের আর্থিক সহায়তায় চলে তাঁর পরিবার।
ঝলসে গেছে পুরো শরীর: রহিমার মায়ের মতো একই দুশ্চিন্তায় আছে অটোরিকশাচালক আইয়ুব আলীর পরিবার। গত রোববার রাতে রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তদের ছোড়া পেট্রল বোমায় ঝলসে যায় তাঁর পুরো শরীর। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আইয়ুবের স্ত্রী পারুল আক্তার প্রথম আলোকে বলেন, ‘এই কয়েক দিন অটোরিকশার মালিক খরচাপাতি দিছিল। গতকাল তিনি আর আসেন নাই। এখন তারে (আইয়ুব) কী করব, কোথায় যাব বুঝতে পারতেছি না।’
আবদুর রহমানের চোখে অস্ত্রোপচার: পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে ককটেল বিস্ফোরণে গত সোমবার চোখে আঘাত পেয়েছিলেন আবদুর রহমান। আগারগাঁওয়ের চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে গতকাল তাঁর অস্ত্রোপচার হয়েছে।
আবদুর রহমানের ভাই রফিকুল ইসলাম বলেন, ‘ডাক্তার আমারে কইছে, আবদুর রহমানের বাম চোখডা নষ্ট হইয়া গেছে। আবদুর রহমান সব সময় কান্নাকাটি করতাছে। আমি মনের মধ্যে কথাডা চাপাইয়া রাখছি। কাউরে বলি নাই।’
রফিকুল বলেন, ‘পরিচিত কয়েকজন ৫০০, ২০০ করে টাকা দিছে। তা দিয়ে এত দিন ওষুধের খরচাপাতি দিছি। হাসপাতালের একজনরে জিগাইছি, টোটাল কয় টাকা লাগব। তিনি সাত হাজার টাকার কথা বলছেন। ভাই, টাকাডা এখনো জোগাড় করতে পারি নাই।’