ককটেলে পুলিশসহ আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অবরোধকারীদের ছোড়া ককটেলে পুলিশ সদস্যসহ দুজন আহত হয়েছেন। তাঁরা হলেন আকবর শাহ থানার পুলিশ কনস্টেবল মনির ও টেম্পোচালক রহিম।
গতকাল রোববার সন্ধ্যায় নগরের ইস্পাহানি গেট এলাকায় এ ঘটনা ঘটে। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ‘একজন এএসআইয়ের নেতৃত্বে পুলিশের সদস্যরা টেম্পো করে টহল ডিউটিতে যাচ্ছিলেন। তাঁদের বহনকারী টেম্পোটিতে ককটেল ছুড়ে মারেন অবরোধকারীরা। এতে আহত হন কনস্টেবল মনির ও টেম্পোচালক রহিম। তাঁদের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।’
এদিকে একই সময়ে নগরের কাজীর দেউড়ি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটান অবরোধকারীরা। এ সময় পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।