ককটেলের আঘাতে ব্যাংক কর্মকর্তা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন দিদার মার্কেট এলাকায় আজ রোববার সকালে হরতালকারীদের ছোড়া ককটেলের আঘাতে সবুজ চৌধুরী (৩১) নামের এক ব্যাংক কর্মকর্তা আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়েলিটি ওয়ার্ডে চিকিত্সাধীন রয়েছেন।

সকালে দেওয়ানবাজার বাসা থেকে বেরিয়ে টেম্পোয় করে কর্মস্থলে যাওয়ার পথে সবুজ চৌধুরী এ হামলার শিকার হন। তিনি নগরের খুলশী এলাকার এক্সিম ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা। ফটিকছড়ি উপজেলার বারোমাসিয়া এলাকার সুয়াবিল গ্রামের তপন চৌধুরীর ছেলে।

নগরে বিরোধী দলের অবরোধের পাশাপাশি ছাত্রদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি চলছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদসহ ছাত্রদলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে হরতাল আহ্বান করা হয়।

মেডিকেল পুলিশ সূত্রে জানা যায়, সবুজ চৌধুরী আজ সকাল সোয়া নয়টার দিকে বাসা থেকে বের হয়ে টেম্পোতে করে কর্মস্থলে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পরে হরতালকারীরা টেম্পো লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে। এতে তাঁর পিঠে ককটেলের স্প্লিন্টার লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।