ককটেলের বারুদে আগুন, ঝলসে গেলেন পোশাককর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে ককটেলের বারুদে হঠাৎ আগুন ধরে যাওয়ায় ঝলসে গেছে শফিকুল ইসলাম শফিক (২৫) নামের এক পোশাককর্মীর শরীর। আহত অবস্থায় শফিকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শফিকুলের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শফিকুল মিরপুর-১ নম্বর এলাকায় লালটেকের তামান্না পার্কসংলগ্ন এলাকায় থাকেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। আজ শনিবার বেলা দুইটার দিকে তাঁর পরিচিত একজন তাঁকে একটি শপিং ব্যাগ দেন এবং ওই ব্যক্তির লালটেকের বাসায় রেখে আসতে বলেন। শফিকুল ব্যাগটি নিয়ে হেঁটে ওই বাসার দিকে যাচ্ছিলেন। মিরপুর-১ নম্বরে চটবাড়ির বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে রাস্তায় একটি ইটের সঙ্গে ব্যাগটির আঘাত লাগলে তাতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে তাঁর হাত, পা, গলা-মুখসহ শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, শফিকুলের বক্তব্য অনুযায়ী বেড়িবাঁধে গিয়ে কোনো আলামত পাওয়া যায়নি। তবে ককটেলের কোনো সরঞ্জাম তথা বারুদে আগুনের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হাসপাতালে আহত শফিকুলকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে। সুস্থ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করা হবে।