রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দুই ফটকের সামনে দুটি ককটেল-সদৃশ বস্তু উদ্ধার নিয়ে গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাসে দিনভর ছিল উদ্বেগ-উৎকণ্ঠা।
ক্যাম্পাসের পরিস্থিতি ঘোলাটে করতেই পরিকল্পিতভাবে এমন ঘটনার সূত্রপাত করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল সকালে প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীরা অফিস ভবনে প্রবেশের সময় লাল টেপে মোড়ানো দুটি বস্তু দেখে পুলিশকে জানান। সকাল সাড়ে নয়টার দিকে প্রশাসনিক ভবনের উত্তর ও দক্ষিণ দিকের ফটকের সামনে থেকে পুলিশ ককটেল-সদৃশ বস্তু দুটি উদ্ধার করে। এমন খবর জানাজানি হলে ক্যাম্পাসজুড়ে বিষয়টি আলোচিত হয়ে ওঠে। সবার মধ্যে উদ্বেগ দেখা দেয়।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) এরশাদ আলী বলেন, এগুলো ককটেল নয়। ককটেল-সদৃশ বস্তু।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।