ককবোরক ও পাথর ভাষা হারিয়ে যাবে?
রায়না ত্রিপুরা। বাড়ি রাঙামাটির তবলছড়ি। পড়াশোনা করেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগে। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন উপলক্ষে বন্ধুদের ‘ধন্যবাদ’ দিতে হয়। কোনো কোনো ভুলের কারণে ‘সরি’ বলতে হয়। একদিন মায়ের কাছে জানতে চাইলেন, ‘ধন্যবাদ’ ও ‘সরি’ শব্দ দুটির ত্রিপুরা নৃগোষ্ঠীর (ককবোরক) ভাষার শব্দ কী হবে? মা উত্তর দিতে পারেননি। আদৌ ওই শব্দ দুটি আছে কি না; এককালে ছিল, এখন হারিয়ে গেছে কি না, তাও জানেন না।
সেই ঘটনাসহ আরও কয়েকটি ঘটনার পর থেকে রায়নার উপলব্ধি হলো তাঁর ভাষার অনেক শব্দ হারিয়ে যাচ্ছে। মাথায় চিন্তা ঢুকল এগুলো খুঁজে বের করতে হবে। চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের অভিসন্দর্ভ (থিসিস পেপার) করার জন্য বেছে নিলেন ককবোরক ভাষা।
‘ককবোরক: বাংলাদেশের ত্রিপুরা জনগোষ্ঠীর মাতৃভাষার ওপর একটি নৃতাত্ত্বিক পর্যবেক্ষণ’ শিরোনামে ওই প্রবন্ধে তাঁরা ককবোরকের উৎস ভাষার সন্ধান, এটা কীভাবে বিস্তৃত হলো, ভাষাটির ব্যাকরণগত ব্যাখ্যা এবং সবল ও দুর্বল দিক, বর্তমান অবস্থা, ভাষাতে কথা বলার সামর্থ্য, ককবোরক ভাষার ওপর অন্যান্য ভাষার প্রভাব প্রভৃতি বিষয় নিয়ে গবেষণাপত্র লেখেন। রায়নার থিসিসের তত্ত্বাবধায়ক ছিলেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক করিমা বেগম। প্রবন্ধে ককবোরক ভাষার তিনটি দুর্বল দিকের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আদর্শ রূপ ও লিখিত রূপ নেই, ওই জনগোষ্ঠীর শিশুদের প্রাথমিক শিক্ষায় এ ভাষা ব্যবহার করা হয় না। ত্রিপুরা জনগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এবং সমতলভূমির কুমিল্লা নোয়াখালী, ফরিদপুর, সিলেট, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম অঞ্চলে বাস করেন। এসব অঞ্চলের আশপাশের জনগোষ্ঠীর বাংলা ও ইংরেজি ভাষার শব্দগুলো ককবোরকে ইতিমধ্যে ঢুকে পড়েছে। একসময় ককবোরক ভাষার শব্দ ব্যবহার করা হতো। কিন্তু ত্রিপুরা রাজারা তাঁদের দরবারের ভাষা হিসেবে বাংলা ভাষা ব্যবহার করেছেন। তাই তাঁদের ভাষা কালক্রমে ওইভাবে শুদ্ধ থাকেনি। বিভিন্ন উপভাষা থাকায় একটি আদর্শ রূপ দাঁড় করানো যায়নি। ককবোরক ভাষার ৩৬টি উপভাষার মধ্যে নাইতং, ফাতুং, ঊসুই উপভাষায় বেশি মানুষ কথা বলে।
গবেষণাপত্রে রায়না ও তাঁর শিক্ষক করিমা বেগম ককবোরক ভাষাটি একসময় হারিয়ে যাওয়ার আশঙ্কা করেছেন। করিমা বেগম ও রায়না ত্রিপুরা বলেন, ‘ত্রিপুরাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা ও এতে অন্য ভাষার মিশ্রণ ঠেকাতে একটি আদর্শ লিখিত রূপ ও আদর্শ রূপ প্রয়োজন। প্রাথমিক বিদ্যালয়ে ককবোরক ভাষায় শিক্ষার ব্যবস্থা করা খুবই প্রয়োজন। তা না হলে এ জনগোষ্ঠীর ভাষা আর শুদ্ধরূপে থাকবে না, শব্দগুলো হারিয়ে যাবে। এ জন্য রাষ্ট্রকে এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন।’
বাংলাদেশের আরেকটি আদিবাসী জাতিগোষ্ঠীর নাম হচ্ছে পাত্র। পাত্র সম্প্রদায়ের নিজস্ব ভাষা ‘পাথর ভাষা’ হিসেবে পরিচিত। এ ভাষা নিয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক জফির উদ্দিন সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের আয়োজনে ‘বাংলাদেশের নৃবিজ্ঞানের সমসাময়িক ভাবনা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করেন।
‘বিপন্ন পাথর ভাষা: একটি ভাষাবৈজ্ঞানিক পর্যবেক্ষণ’ শিরোনামের ওই গবেষণাপত্রে উল্লেখ করা হয়, পাত্র জনগোষ্ঠীর বসবাস সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে। পাথর ভাষার কোনো লিপি নেই। এমনকি নেই লিখিত কোনো নিদর্শনও। পাথর ভাষার ধ্বনিতত্ত্বে সিলেটি উপভাষার প্রভাব লক্ষণীয়।