পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের সৈয়দ গাজী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় বেঞ্চ, খাবার পানি ও টয়লেটসহ নানা সমস্যায় জর্জরিত। এ ছাড়া জরাজীর্ণ ভবনে শ্রেণীকক্ষের অভাবে পাঠদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে।গত রোববার সরেজমিনে ঘুরে দেখা যায়, তৃতীয় শ্রেণীর নির্ধারিত কক্ষে ২৫ জনের মতো শিক্ষার্থী মেঝেতে বসে পাঠ গ্রহণ করছে। এই শ্রেণীতে উপস্থিত শিক্ষক গাজী আবদুস সোবাহান বলেন, ‘কী আর কমু। আমাগো সমস্যার দিকে কারও খেয়াল নাই। বেঞ্চের সংকটে প্রতিদিন এভাবেই ক্লাস করতে হচ্ছে।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহাবুদ্দিন বলেন, ‘মোট ২২০ জন শিক্ষার্থী এই বিদ্যালয়ে পড়াশোনা করছে। বেঞ্চ রয়েছে সাকল্যে ২০ জোড়ার মতো। তাও সবগুলো ভালো না। জোড়াতালি দিয়ে ব্যবহার করা হচ্ছে। দুই শিফটে ভাগ করে পাঠদান কার্যক্রম চালিয়েও কুল করতে পারছি না।’বিদ্যালয় সূত্রে জানা গেছে, ছোট পাঁচ নং গ্রামে ১৯৭০ সালে ৬৬ শতাংশ জমির ওপর আবদুর রব গাজী বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রথমে কুড়ের ঘরে পাঠদান চললেও ১৯৯৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) একটি ভবন নির্মাণ করে দেয়। ইতিমধ্যে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। উঠে গেছে দেয়ালের পলেস্তারা। ছাদের পলেস্তারা খসে বের হয়ে গেছে রড। পেছনের জানালাগুলো ভেঙে গেছে। সামনের দরজা-জানালার অবস্থাও একই রকম। বারান্দার ছয়টি পিলারের সব কটির রড বের হয়ে গেছে। বিদ্যালয়ের অফিস কক্ষের আসবাবসহ শ্রেণীকক্ষের শিক্ষকদের বসার চেয়ার-টেবিলের অবস্থাও নড়বড়ে। দুটি টয়লেট থাকলেও একটি কয়েক মাস ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে খাওয়ার পানির কোনো ব্যবস্থা নেই। পানির পিপাসা লাগলে তাদের বিদ্যালয় থেকে আধা কিলোমিটার দূরে গিয়ে গভীর নলকূপের পানি পান করে আসতে হয়।স্থানীয় অভিভাবক গাজী মো. মুশফিকুর রহমান বলেন, ‘আমরা কর্তৃপক্ষের কাছেও বারবার বলেছি, কোনো সমাধান তো তাঁরা করছে না।’কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘উপজেলা শিক্ষা কমিটির সুপারিশের আলোকে ক্ষুদ্র মেরামত কর্মসূচির আওতায় ইতিমধ্যে ওই বিদ্যালয়ের সংস্কারের জন্য ৪০ হাজার টাকা বরাদ্দ হয়েছে। তবে আমি খোঁজ নিয়ে দেখেছি, ওই বিদ্যালয়ের সমস্যা অনেক বেশি। পরবর্তী সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি’র (এডিপি) আওতায় বাকি সমস্যাগুলো সমাধানে পদক্ষেপ নেওয়া হবে। একটি গভীর নলকূপও বসানো হবে।’