কক্ষ আছে, জনবল নেই, চালু হয়নি আইসিইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫০ শয্যার ফেনী সদর হাসপাতালের নতুন ভবনে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) জন্য কক্ষ বরাদ্দ হয়েছে। কিন্তু এই দুটি বিভাগের জন্য দেওয়া হয়নি জনবল ও যন্ত্রপাতি। এতে হাসপাতালটিতে এখনো আইসিইউ ও সিসিইউ চালু করা সম্ভব হয়নি।
হাসপাতাল সূত্র জানায়, ২০১৫ সালের ১৩ ফেব্রুয়ারি ফেনী সদর হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করা হয়। নতুন ভবনে আইসিইউর জন্য ১২টি ও সিসিইউর জন্য ১২টি শয্যার ব্যবস্থা করা হয়। কিন্তু ভবন চালুর দুই বছর পার হয়ে গেলেও আইসিইউ ও সিসিইউর জন্য জনবল দেওয়া হয়নি। দেওয়া হয়নি প্রয়োজনীয় যন্ত্রপাতি-আসবাবও।
হাসপাতাল সূত্রমতে, ফেনী ছাড়াও চট্টগ্রামের মিরসরাই ও ফটিকছড়ি; খাগড়াছড়ির রামগড়; নোয়াখালীর সেনবাগ ও কোম্পানীগঞ্জ; কুমিল্লার লাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম উপজেলার একাংশের মানুষ চিকিৎসাসেবার জন্য ফেনী সদর হাসপাতালের ওপর নির্ভরশীল।
হাসপাতালের চিকিৎসকেরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফেনী জেলার ওপর দিয়ে গেছে। এই মহাসড়কে প্রায়ই নানা দুর্ঘটনা ঘটে। আইসিইউ না থাকায় দুর্ঘটনায় গুরুতর আহত রোগীদের ঢাকা-চট্টগ্রামের হাসপাতালে স্থানান্তর করতে হয়। এসব ক্ষেত্রে অনেক সময় পথেই রোগী মারা যায়। এ ছাড়া সিসিইউ না থাকায় মুমূর্ষু হৃদ্রোগীদের প্রাথমিক কিছু চিকিৎসা দিয়ে ঢাকা বা চট্টগ্রাম পাঠানোর পরামর্শ দেওয়া হয়।
নোয়াখালীর নুরুল হক মেডিকেল কলেজের অধ্যক্ষ মলয় চক্রবর্তী বলেন, আইসিইউ ও সিসিইউ না থাকায় বৃহত্তর নোয়াখালীর (ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর) মুমূর্ষু রোগীদের ঢাকা ও চট্টগ্রাম নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। ঢাকা কিংবা চট্টগ্রাম নেওয়ার পথে অনেক সময় রোগীর মৃত্যু হয়।
ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীর জানান, প্রশিক্ষিত ও দক্ষ জনবল ছাড়া এই দুটি বিভাগ চালু করা সম্ভব নয়। গত দুই বছরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনবল দেয়নি। তা ছাড়া প্রয়োজনীয় যন্ত্রপাতি-আসবাবও দেওয়া হয়নি।