
হাওরের জেলা পুরো সুনামগঞ্জে উচ্চশিক্ষার জন্য মাত্র দুটি সরকারি কলেজ। কিন্তু দুটি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমই বেহাল।
এর মধ্যে শ্রেণিকক্ষের অভাবে সুনামগঞ্জ সরকারি কলেজে রুটিন অনুযায়ী কোনো কোনো দিন ক্লাসই হয় না। পানিবেষ্টিত হলেও কলেজে নেই খাওয়ার পানির ব্যবস্থা। শিক্ষক ও ছাত্রদের জন্য নেই আবাসন ও পরিবহনের সুবিধা। ছাত্রীদের জন্য মাত্র ৭২ শয্যার ছাত্রীনিবাসটির অবস্থাও ভালো নয়। অন্যদিকে সুনামগঞ্জ মহিলা কলেজে শ্রেণিকক্ষ থাকলেও শিক্ষকের অভাবে ক্লাস নেওয়া যায় না। শিক্ষক না থাকায় চারটি বিষয় বন্ধের উপক্রম হয়েছে।
গত বুধবার কলেজ দুটি ঘুরে এবং ছাত্রছাত্রী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া যায়।
১৯৪৪ সালে প্রতিষ্ঠিত সুনামগঞ্জ সরকারি কলেজ জাতীয়করণ হয় ১৯৮০ সালে। শিক্ষার্থী প্রায় সাত হাজার। অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ শিক্ষকের ৫৪টি পদ থাকলেও ১০টি শূন্য। অন্তত ১৫ জন শিক্ষক বললেন, শিক্ষক যাঁরা আছেন, তাঁদের দিয়ে কোনোমতো রুটিন অনুযায়ী ক্লাস নেওয়ার সুযোগ থাকলেও শ্রেণিকক্ষের অভাবে ক্লাস নেওয়া যায় না। ১০টি বিষয়ে স্নাতক (সম্মান), চারটি বিষয়ে স্নাতকোত্তর, ডিগ্রি ও উচ্চমাধ্যমিক পড়ানো হয়। স্বাভাবিক ক্লাসের জন্য ৫৪টি শ্রেণিকক্ষের প্রয়োজন হলেও আছে ১৪টি। অর্থনীতিসহ কয়েকটি বিভাগে মাত্র একটি শ্রেণিকক্ষ। রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষক গতকাল উদাহরণ দিয়ে বলেন, স্নাতকের (পাস) একদল শিক্ষার্থী এসেছিলেন ক্লাস করতে। কিন্তু খোঁজাখুঁজি করেও কোনো শ্রেণিকক্ষ খালি পাননি তাঁরা। মিজবাউল করিম নামের উদ্ভিদবিজ্ঞানের এক শিক্ষার্থী বললেন, তাঁরা রুটিন অনুযায়ী সব ক্লাস করতে পারেন না।
অর্থনীতির একজন সহকারী অধ্যাপক বললেন, তাঁদের বিভাগের জন্য মাত্র একটি শ্রেণিকক্ষ বরাদ্দ আছে। কিন্তু সেখানে বড়জোর ২৫ জন বসানোর সুযোগ আছে। অথচ স্নাতক (সম্মান) প্রথম বর্ষেই ১০৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এ রকম পরিস্থিতিতে ভর্তির প্রথম দিকে অনেক শিক্ষার্থী এলেও পরে আর আসেন না। তাঁর কথার মিল পাওয়া গেল ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষকের কথায়। তাঁর বিভাগে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ১০৫টি আসনের মধ্যে গতকাল উপস্থিত ছিলেন ১৬ থেকে ১৭ জন শিক্ষার্থী। কলেজে তিনটি ছোট আকারের ভবন ছাড়াও একটি বড় টিনশেড ঘর আছে। একটি ভবন প্রশাসনিক কাজে ব্যবহৃত হয়। মূলত টিনশেড ঘরেই বড় কিছু শ্রেণিকক্ষ আছে। নেই সীমানাপ্রাচীর। খেলার মাঠটিও এখন পানিবন্দী।
কলেজের উপাধ্যক্ষ এ এস এম এ কে সাব্রী সাবেরীন প্রথম আলোকে বলেন, তীব্র শ্রেণিসংকট কাটানো এবং পরীক্ষার হলের জন্য অবিলম্বে ন্যূনতম পাঁচতলা দুটি ভবন প্রয়োজন। আর কলেজে শিক্ষকদের ধরে রাখতে তাঁদের জন্য ডরমিটরি ও হাওর-ভাতা চালু করা দরকার।
কলেজের ভেতরেই কোচিং: শ্রেণিকক্ষের অভাবে ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা কোচিং ও প্রাইভেটমুখী হচ্ছে। দ্বাদশ শ্রেণির বিজ্ঞানের এক ছাত্র বলে, কলেজের ভেতরেই সকাল সাতটায় এক স্যারের কাছে গণিত, আটটায় আরেক স্যারের কাছে পদার্থ এবং বেলা তিনটায় অন্য এক স্যারের কাছে রসায়ন বিষয়ে প্রাইভেট পড়ে সে। ১২ দিনে মাস ধরে প্রতি মাসে প্রতি বিষয়ের জন্য ৭০০ টাকা দিতে হয়। কয়েকজন শিক্ষক বলেন, তাঁরা কোচিং নন, অতিরিক্ত ক্লাস নিচ্ছেন।
অথচ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষকদের নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়ানোর সুযোগ নেই। নির্ধারিত ক্লাস শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মতিতে অতিরিক্ত ক্লাস নেওয়ার সুযোগ থাকলেও সব বিষয় মিলে সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা নেওয়ার কথা। কিন্তু এখানে এক বিষয়ের জন্য নেওয়া হচ্ছে ৭০০ টাকা।
মহিলা কলেজে চার বিভাগে শিক্ষকও নেই: জেলার নারীদের একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হলেও জাতীয়করণ হয় ১৯৯৭ সালে। প্রথমে শুধু উচ্চমাধ্যমিক পড়ানো হলেও ২০১২ সাল থেকে ডিগ্রি (পাস) চালু হয়। কিন্তু নতুন করে শিক্ষকের পদ সৃষ্টি হয়নি। কলেজের একজন জ্যেষ্ঠ শিক্ষক প্রথম আলোকে বলেন, শুরুতে যে ১৫টি পদ ছিল, তা-ই আছে। এই পদের বিপরীতে ভূগোলে দুজনসহ মোট ১২ জন শিক্ষক আছেন। রসায়ন, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগে কোনো শিক্ষক নেই। রাষ্ট্রবিজ্ঞান ও মনোবিজ্ঞানের কিছু ক্লাস মাঝেমধ্যে অতিথি শিক্ষক দিয়ে নেওয়া হলেও রসায়ন ও পরিসংখ্যানের কোনো ক্লাস হয় না। অথচ বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য রসায়ন বাধ্যতামূলক। এ রকম পরিস্থিতিতে বিষয়গুলো কার্যত বন্ধের উপক্রম। পরিসংখ্যান বিষয়টি এবার নিতেই দেওয়া হয়নি।
অধ্যক্ষ অফিশিয়াল কাজে ঢাকায় থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। জ্যেষ্ঠ শিক্ষক মো. শাহাদত হোসেন বলেন, চার বিষয়ে শিক্ষক না থাকায় ছাত্রীরা আর এসব বিষয় নিতে চায় না।