কক্ষ তিনটি শিক্ষার্থী ছয় শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার প্রত্যন্ত এলাকার কাছিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ তিনটি, শিক্ষার্থীর সংখ্যা ছয় শতাধিক। কক্ষ ও বেঞ্চ-সংকটের কারণে এসব শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ভালো ফলাফলের কারণে প্রতিবছরই শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। কিন্তু বিদ্যালয় ভবনটি মাত্র তিন কক্ষের। পর্যাপ্ত বেঞ্চও নেই। নয়জন শিক্ষক কোনোভাবেই কক্ষে বসিয়ে শিক্ষার্থীদের পাঠদান করতে পারছেন না। বর্ষাকালে পাশের হাইস্কুল ও কলেজের কক্ষে বা বারান্দায় আর শুকনা মৌসুমে মাঠে কিংবা গাছতলায় পাঠদান করতে হয়।৩ ডিসেম্বর সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রাথমিক বিদ্যালয়টির কাছে কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দোতলা ভবনের নিচে খোলা জায়গায় দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীর দেড় শতাধিক শিক্ষার্থীকে পাঠদান করছেন দুজন শিক্ষক। অপর দিকে কলেজের ব্যবহারের অনুপযোগী একটি কক্ষে তৃতীয় শ্রেণীর অর্ধশত শিক্ষার্থী গাদাগাদি করে বেঞ্চে বসে ক্লাস করছে।এ সময় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সুমনা আক্তার বলে, ‘রোদ বেড়ে গেলে স্যারেরা হাইস্কুলের ছাদের নিচে খোলা জায়গায় বসিয়ে ক্লাস নেয়। এ ছাড়া প্রায়ই মাঠে ও গাছতলায় ক্লাস নেয়। প্রধান শিক্ষক উত্তম সমদ্দার বলেন, বিদ্যালয়টিতে বর্তমানে শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ৫২২ জন শিক্ষার্থী আছে। সমস্যা সমাধানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কোনো সাড়া মেলেনি বলে জানান তিনি।বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মরিয়ম বেগম বলেন, তিন কক্ষবিশিষ্ট একটি ভবনে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছয় ক্লাসের ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদান করা অসম্ভব।উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইব্রাহিম মিয়া বলেন, ‘এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে। তা ছাড়া ২০১০ সালে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ রকম সমস্যা সমাধানে প্রতিটি উপজেলা থেকে পাঁচটি বিদ্যালয়ের নামের তালিকা নেওয়া হয়েছে। সেখানেও এই বিদ্যালয়ের নাম আছে। আশা করছি নতুন ভবন নির্মাণ করে শিগগিরই এর সমাধান করা হবে।’