ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে ১০৫ ও ১০৮ নম্বর কক্ষ সিলগালা করে দিয়েছে হল কর্তৃপক্ষ। এই দুই কক্ষের ছাত্ররা গত সোমবার রাতে সংঘর্ষে জড়ান। পরদিন মঙ্গলবার কক্ষ দুটি সিলগালা করে দেওয়া হয়। ভবিষ্যতে কোনো সংঘর্ষ হবে না—এমন আশ্বাসের পর গতকাল সন্ধ্যায় হলের প্রাধ্যক্ষ কক্ষ দুটি খুলে দেন।হলের প্রাধ্যক্ষ আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, দুই কক্ষের ছাত্রদের সঙ্গে কথা বলে কক্ষ দুটি পুনরায় খুলে দেওয়া হয়েছে।এর আগে গত ১ ফেব্রুয়ারি এ এফ রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আবু বকর সিদ্দিক নামে এক ছাত্র মারা যান।১০৮ নম্বর কক্ষের আইন বিভাগের ছাত্র সালমান ফার্সি বলেন, ওই কক্ষে ৩৫ জন ছাত্র থাকতেন। জায়গা না হওয়ায় প্রতি রাতে পাঁচজন অতিথিকক্ষে গিয়ে থাকতেন। সোমবার রাতে তিনি অতিথিকক্ষে থাকতে গেলে ১০৫ নম্বর কক্ষের উর্দু প্রথম বর্ষের ছাত্র সাকিবের সঙ্গে তাঁদের কথাকাটাকাটি হয়। এর জের ধরে পরদিন ক্যাম্পাসে পাল্টাপাল্টি ধাওয়া হয়।