কক্ষ দখল নিয়ে ছাত্রলীগ-ছাত্রদল হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন আবাসিক হলের একটি কক্ষের দখল নিয়ে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের তিন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হলের ৪১৩ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী তানভীর ও শাহেদ। তাঁরা দুজনই বিশ্ববিদ্যালয় বন ও পরিবেশবিদ্যা বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী। ওই কক্ষে আগে থেকেই অবস্থান করছিলেন একই বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ও ছাত্রদলের কর্মী আফসার। তানভীর ও শাহেদ আবাসিক শিক্ষার্থী হলেও আফসার তাঁদের কক্ষে উঠতে না দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে আফসারের নেতৃত্বে ছাত্রদলের ১০-১২ জন কর্মী তানভীর ও শাহেদের ওপর হামলা চালান। পরে ছাত্রলীগের কয়েকজন কর্মী এসে পাল্টা হামলা চালান। এতে ছাত্রলীগের কর্মী মাসুদ রানা, তানভীর ও রাজ আহত হন।
সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘আবাসিক হলের কক্ষে থাকা নিয়ে শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’