কক্ষ দখলে নিয়ে আ.লীগের কার্যালয়
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ভূমি কার্যালয়ের কক্ষ দখলে নিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতারা দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। ফলে ভূমি কার্যালয়ের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের (ইউপি) পূর্ব দিকে ৬১৩২ নম্বর দাগে পাঁচ শতক অর্পিত সম্পত্তির ওপর ১৯৬৯ সালে এলাঙ্গী আন্ত-ইউনিয়ন মাল্টিপারপাস সোসাইটি নামের স্থানীয় একটি সংগঠন দুই কক্ষবিশিষ্ট একটি পাকা ভবন নির্মাণ করে। তখন সংগঠনটির নেতৃত্বে ছিলেন ইউপির তৎকালীন চেয়ারম্যান মজিবর রহমান। তিনি মারা যাওয়ার পর মোখফিজুর রহমান, এস এম সাইদুর রহমান ও শাহজাহান আলী পর পর চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু তাঁরা সংগঠনটির কার্যক্রম ধরে রাখতে পারেননি। তাঁরা ভবনটি অগ্রণী ব্যাংককে ভাড়া দেন। পরে ওই ব্যাংকের কার্যালয় সেখান থেকে সরিয়ে নেওয়া হলে ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে। এরপর উপজেলা প্রশাসন ভবনটি সংস্কার করে সেখানে ভূমি কার্যালয় স্থাপন করে। ১৫ বছর ধরে ভবনটি ইউনিয়ন ভূমি কার্যালয় হিসেবে সরকার ব্যবহার করে আসছে। গত জানুয়ারিতে দেড় লাখ টাকা ব্যয়ে ভবনটি পুনঃসংস্কার করা হয়। ছয় মাস আগে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপির বর্তমান চেয়ারম্যান এম এ তারেক দলীয় সাইনবোর্ড লাগিয়ে ভবনটির একটি কক্ষ দখলে নিয়ে কার্যক্রম পরিচালনা করছেন। ফলে ভূমি কার্যালয়ের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জানতে চাইলে এম এ তারেক হেলাল বলেন, ‘আমি চেয়ারম্যান হিসেবে এলাঙ্গী আন্ত-ইউনিয়ন মাল্টিপারপাস সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্বে আছি। এ কারণে ভবনের একটি কক্ষে আমার দলের নেতারা সাইনবোর্ড দিয়ে সেখানে দলীয় কার্যক্রম চালান। ভবনটি সরকারের নয়।’
এলাঙ্গী ইউপির সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, এলাঙ্গী আন্ত-ইউনিয়ন মাল্টিপারপাস সোসাইটির নিজস্ব কোনো সম্পত্তি ছিল না। অর্পিত সম্পত্তির ওপর সংগঠনটি ভবন নির্মাণ করেছিল।
ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা শুকুর আলী বলেন, ভূমি কার্যালয় হিসেবেই জেলা পরিষদের অর্থায়নে ভবনটি মেরামত করা হয়েছে। সেটেলমেন্ট অফিসের ৩০ ধারা অনুযায়ী পাঁচ শতক জমি সরকারি রেকর্ড দেখানো হয়েছে। কিন্তু দলীয় নেতা-কর্মীরা একটি কক্ষ দখলে নেওয়ায় কার্যালয়ের কাগজপত্র সংরক্ষণে সমস্যা দেখা দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। সরকারি ভবন ও সম্পদ দখল করে সেখানে দলীয় কার্যক্রম চালানোর কোনো নিয়ম নেই। খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’