কক্ষ নম্বর ৩০৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ শিক্ষার্থীদের কাছে আতঙ্ক হয়ে উঠেছিল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের জামিলুর রহমান ছাত্রাবাসের ৩০৯ নম্বর কক্ষ। ছাত্রলীগের নেতারা কক্ষটিকে তাঁদের নির্যাতনকেন্দ্র হিসেবে ব্যবহার করেন। বিভিন্ন সময় শিক্ষার্থীদের এই কক্ষে এনে নির্যাতন চালিয়ে তাঁদের কাছ থেকে টাকা-পয়সা, মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।একই সঙ্গে ওই কক্ষে মাদকসহ অবৈধ অনেক অপকর্ম পরিচালিত হয় বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী আবু নোমানকে ওই কক্ষে নিয়ে নির্যাতন, বিবস্ত্র করে ভিডিও, মুঠোফোনসহ জরুরি কাগজপত্র ছিনিয়ে নেওয়া এবং মুক্তিপণ না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। কলেজ সূত্রে জানা যায়, কলেজ ছাত্রলীগের সদস্য ও ছাত্রকল্যাণ পরিষদের সমাজকল্যাণ সম্পাদক খন্দকার আবদুল কাইউম, পাঠাগার সম্পাদক জিয়াউল হক জিয়া ও সদস্য আনোয়ার শাহাদাত ৩০৯ নম্বর কক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের বের করে দিয়ে কক্ষটি দখল করে নেন।ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মনিরুজ্জামান শাহীন প্রথম আলোকে বলেন, ছাত্রাবাসের কক্ষ দখল করে নির্যাতনের বিষয়টি পত্রিকার মাধ্যমে তাঁরা জানতে পারেন। বিষয়টি নিয়ে তদন্ত কমিটি হয়েছে।গত ৩০ জুন সাধারণ শিক্ষার্থীকে নির্যাতন, বিবস্ত্র করে ভিডিও করা ও চাঁদা আদায়ের ঘটনার খবর প্রথম আলোতে প্রকাশিত হওয়ার পর আলোড়ন সৃষ্টি হয়। ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কলেজের অধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশ পাওয়ার পর ১ জুলাই তদন্ত কমিটি গঠন করা হয়।শিক্ষার্থী আবু নোমান প্রথম আলোকে বলেন, ‘আমি বিপর্যস্ত। আমার কাছ থেকে একটি সাদা কাগজে টিপসই নিয়েছে তারা। তাতে লেখা রয়েছে, প্রতি মাসে ১০ হাজার টাকা দিতে হবে; অন্যথায় একটি কিডনি। না দিলে হত্যা করা হবে বলেও উল্লেখ রয়েছে।’ অন্যদিকে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করায় ছাত্রলীগের নেতা খন্দকার আবদুল কাইয়ুম, জিয়াউল হক ও আনোয়ার শাহাদাত মুঠোফোনে হুমকি দিচ্ছেন আবু নোমান ও তাঁর পরিবারকে। একই সঙ্গে তাঁরা তদন্ত কমিটিকেও তাঁদের পক্ষে প্রতিবেদন দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন।কলেজের অধ্যক্ষ মো. শহীদুল আলম বলেন, ছাত্র নির্যাতন ও কলেজের পরিবেশ ধ্বংস করার জন্য যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সব ধরনের চাপ উপেক্ষা করে তদন্ত চলছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত খন্দকার আবদুল কাইয়ুম বলেন, ‘একটা চক্র আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’ ৩০৯ নম্বর কক্ষ দখলের বিষয়ে তিনি বলেন, ‘আগে আমরা ৩০৩ নম্বরে থাকতাম। ৩০৯ নম্বরের শিক্ষার্থীরা অন্যত্র চলে যাওয়ায় আমরা এখন দুটি রুম ব্যবহার করছি। তবে এখানে নির্যাতন চালানো হয়, এ ঘটনা সত্য নয়।’