কক্ষ পরিদর্শকের সম্মানীর টাকা কেটে রাখার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার কক্ষ পরিদর্শকদের সম্মানী থেকে টাকা কেটে রাখার অভিযোগ উঠেছে। উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ছয়টি কেন্দ্রে প্রতিটি পরীক্ষায় ১০৭ জন শিক্ষক কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছেন।
তড়েয়া উচ্চবিদালয় কেন্দ্রের তত্ত্বাবধায়ক শোভন নেওয়াজ অভিযোগ করেন, কক্ষ পরিদর্শকদের সম্মানীর টাকা থেকে আয়কর কাটার নিয়ম নেই। কিন্তু উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম প্রত্যেকের সম্মানী থেকে ২০ টাকা কেটে ১৮০ টাকা করে দেন। অনেকে সম্মানী গ্রহণ না করেই চলে যান। এ ব্যাপারে ২৯ জন কক্ষ পরিদর্শক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের অনুলিপি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসিরউদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে।
রিয়াজুল ইসলাম বলেন, প্রথম দিকে আয়করের জন্য ২০ টাকা কাটা হয়েছিল। তবে পরিদর্শকদের আপত্তির কারণে পরে ২০০ টাকা করেই সম্মানী দেওয়া হয়।
নাসিরউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।