কক্ষ-সংকটে পরিত্যক্ত ভবনে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণীকক্ষের অভাবে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বান্ধবপাড়া সালেহিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীদের পরিত্যক্ত একটি ভবনে পাঠদান করা হচ্ছে। আলিম শ্রেণীর শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে টিনশেডের ঝুঁকিপূর্ণ এই দোতলা ভবনে পাঠ নিচ্ছে।আলিম প্রথম বর্ষের ছাত্র তরিকুল ইসলাম বলে, ‘জরাজীর্ণ এই ভবনে ক্লাস করায় সময় আমরা আতঙ্কে থাকি। যেকোনো সময় ভবনটি ধসে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।’ নবম শ্রেণীর ছাত্র আকতারুজ্জামান বলে, ‘বৃষ্টি হলে টিনের ছিদ্র দিয়ে পানি পড়ে আমাদের পোশাক, বই-খাতা সব ভিজে যায়। তখন ক্লাস বন্ধ রেখে মসজিদে আশ্রয় নিতে হয়।’সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, মাদ্রাসার মোট তিনটি ভবন আছে। এর একটি একতলা পাকা ভবন, আরেকটি টিনশেড পাকা দোতলা ভবন এবং অন্যটি টিনের ঘর। এতে মোট সাতটি শ্রেণীকক্ষ ও একটি অফিস কক্ষ রয়েছে।মাদ্রাসার উপাধ্যক্ষ দেলোয়ার হোসেন জানান, ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসায় বর্তমানে ৩৫৭ জন শিক্ষার্থী ও ২০ জন শিক্ষক আছেন। শিক্ষার্থীদের পাঠদানের জন্য ১৩টি শ্রেণীকক্ষ প্রয়োজন, কিন্তু আছে মাত্র সাতটি। এ ছাড়া শিক্ষক ও আসবাবপত্রের সংকট রয়েছে। দাখিল ও আলিম পরীক্ষায় মাদ্রাসাটির ভালো ফলাফলের কারণে প্রতিবছর শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে সে তুলনায় ভৌত কাঠামোর সুবিধা বাড়ছে না।অধ্যক্ষ এ কে এম আবদুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড় সিডরে বিদ্যালয়ের একটি টিনের ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়। শ্রেণীকক্ষের অভাবে বাধ্য হয়ে পরিত্যক্ত দোতলা ভবন ও মসজিদে পাঠদান করাতে হচ্ছে। মাদ্রাসার আর্থিক অসচ্ছলতার কারণে সরকারি সহায়তা ছাড়া ভৌত কাঠামোর সমস্যা সমাধান করা সম্ভব নয়।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম মিয়া জানান, মাদ্রাসাটির পরীক্ষার ফলাফল সন্তোষজনক। এর অবকাঠামোগত সুবিধা বাড়াতে সার্বিক সহযোগিতা করা হবে।