কক্ষসংকটে খেলার মাঠে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণিকক্ষের সংকটে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের খেলার মাঠে পাঠদান (ক্লাস) করা হচ্ছে। কয়েক মাস ধরে এভাবে শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে বলে জানা গেছে।

সম্প্রতি এক সকালে সরেজমিনে দেখা গেছে, রোদের মধ্যে খোলা আকাশের নিচে বেঞ্চ পেতে বসেছে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা। তাদের বাংলা পড়াচ্ছেন এক শিক্ষক।

এ সময় ষষ্ঠ শ্রেণির ছাত্র আবদুর রহমান বলে, রোদের মধ্যে ক্লাস করতে খুব কষ্ট হয়। বৃষ্টির সময় আবার মাদ্রাসার বারান্দায় দাঁড়িয়ে ক্লাস করতে হয়। একই শ্রেণির ছাত্রী রিমা আক্তার জানায়, প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের একসঙ্গে ক্লাস হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলা ও গণিতের ক্লাস তাদের খেলার মাঠে করতে হয়। সাড়ে ১১টায় প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের ছুটির পর তারা শ্রেণিকক্ষে ক্লাস করার সুযোগ পায়। দশম শ্রেণির শিক্ষার্থীরাও একইভাবে ক্লাস করছে।

মাদ্রাসার শিক্ষক সূত্রে জানা গেছে, ১৯৫৫ সালে দুই বিঘা জমির ওপর মাদ্রাসাটি স্থাপিত হয়। বর্তমানে এখানে চার শতাধিক শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক আছেন। ২০১৪ সালে দাখিল পরীক্ষায় ৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ২০১২ সালে শতভাগ শিক্ষার্থী পাস করার গৌরবও রয়েছে। ভালো ফলের কারণে প্রতিবছর মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে।

মাদ্রাসার শিক্ষক মতিউর রহমান বলেন, মাদ্রাসার একটি পাকা ও দুটি আধা পাকা ভবন রয়েছে। ১৯৯৫ সালে নির্মিত তিন কক্ষের পাকা ভবনটির ছাদের পলেস্তারা খসে পড়ায় ও দেয়ালে ফাটল ধরায় সেখানে আর পড়ানো যাচ্ছে না। শিক্ষার্থীদের জন্য ১২টি কক্ষের প্রয়োজন। কিন্তু আধা পাকা দুটি ভবনে আটটি কক্ষ রয়েছে। পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় মাদ্রাসার খেলার মাঠে ক্লাস নিতে হচ্ছে।

মাদ্রাসার সুপারিনটেনডেন্ট এ কে এম আবদুর রহমান বলেন, বিদ্যালয়ের তহবিলে টাকা না থাকায় নতুন ভবন নির্মাণ করা যাচ্ছে না। এ ছাড়া শিক্ষক ও আসবাবের সংকটও রয়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ফণীভূষণ মণ্ডল বলেন, মাদ্রাসার নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে। বরাদ্দ পেলে নির্মাণকাজ শুরু করা হবে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম মিয়া বলেন, বড়মাছুয়া ইউনিয়নে শিক্ষা বিস্তারে মাদ্রাসাটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মাদ্রাসার অবকাঠামোগত সমস্যা দূর করতে সরকারি বরাদ্দ প্রয়োজন।