কক্ষসংকটে গাছতলায় ক্লাস
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলাবাজার ইউনাইডেট হাইস্কুলের একটি দোতলা ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফাটল ধরা এই ভবন হেলে গেছে। এ কারণে ওই ভবনের আটটি শ্রেণীকক্ষে এখন ক্লাস হয় না। ফলে বর্তমানে বিদ্যালয়ের চারটি শ্রেণীর প্রায় ৪০০ ছাত্রছাত্রীর ক্লাস চলছে গাছতলায়।এলজিইডির উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম স্কুলটি পরিদর্শন করে ওই ভবনে ক্লাস না করানোর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার বিশ্বাস জানান, ১৯৬১ সালে এলাকার শিক্ষানুরাগীরা কোলাবাজারে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় এক হাজার ২০০। বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ছিল ১৬টি, যার মধ্যে ঝুঁকিপূর্ণ এই ভবনে ছিল আটটি শ্রেণীকক্ষ। এই আটটি শ্রেণীকক্ষ এখন ব্যবহার করা যাচ্ছে না। সপ্তাহ খানেক ধরে প্রায় ৪০০ শিক্ষার্থীর ক্লাস চলছে গাছতলায়।প্রধান শিক্ষক বিজয় কুমার বিশ্বাস জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ হলেও সেখানেই তাঁরা ক্লাস নিতেন। কিন্তু এখন আর সেখানে ক্লাস নিতে পারছেন না। এ কারণে আটিটি কক্ষের ক্লাস চলছে গাছতলায়। কিন্তু বর্ষা শুরু হলে গাছতলায়ও ক্লাস করানো যাবে না। সে সময় শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটবে। তিনি প্রশাসনকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন।বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র অভিষেক বিশ্বাস জানায়, তারা এত দিন ঝুঁকি নিয়েই এই ভবনে ক্লাস করেছে। কিন্তু সাভারে ভবনধসের পর তাদের মধ্যে ভয় বেড়ে গেছে। তা ছাড়া মাঝেমধ্যে ভবনের পলেস্তারা খসে তাদের মাথার ওপর পড়ত। এভাবে বেশ কয়েকজন আহতও হয়েছে।উপজেলা প্রকৌশলী জানান, তিনি ভবনটি পরিদর্শন করেছেন। অপরিকল্পিতভাবে নির্মাণ করা বেশ পুরোনো ওই ভবনের ওপর পরবর্তী সময়ে দোতলা করার কারণে নিচের কক্ষগুলোতে বেশি চাপ পড়েছে। এখন বেশ বড় বড় ফাটল দেখা দিয়েছে, যে কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ।