কক্ষসংকটে গাছতলায় ও মেঝেতে পাঠদান

বেঞ্চ ও শ্রেণিকক্ষের সংকটের কারণে রংপুরের তারাগঞ্জ উপজেলার উত্তর হাজীপুর জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাছতলায় ও মেঝেতে পাঠদান করা হচ্ছে। এতে শিক্ষার্থীর উপস্থিতি সংখ্যা কমে যাচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে একটি পাকা ভবনে তিনটি কক্ষ আছে। ওই কক্ষে শিক্ষার্থীদের ক্লাস করা হচ্ছে। এখানে ২১৩ জন শিক্ষার্থীর জন্য মাত্র ২৩টি বেঞ্চ আছে। প্রতি বেঞ্চে তিনজন করে বসা যায়। সকাল সাড়ে নয়টা থেকে বিদ্যালয়টিতে শিশু শ্রেণি, প্রথম শ্রেণি, দ্বিতীয় শ্রেণি ও পঞ্চম শ্রেণির ক্লাস শুরু হয়। ওই চার শ্রেণিতে ১৪০ জন শিক্ষার্থী আছে। বেঞ্চ ও শ্রেণিকক্ষ সংকটের কারণে শিশু ও প্রথম শ্রেণির ৭৫ জন শিক্ষার্থীকে গাছতলায় ও মেঝেতে পাঠদান করা হচ্ছে।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, শিশু ও প্রথম শ্রেণির শিক্ষার্থীরা গাছতলায় ও কক্ষের ভেতরে মেঝেতে ক্লাস করছে। গাছতলায় ক্লাস করা শিশু শ্রেণির শিক্ষার্থী আইভি খাতুন বলে, ‘খোলা আকাশের নিচোত বস্তাত বসি লেখাপড়া করতে কষ্ট হয়। হাতের লেখাও বাঁকাটেরা হয়ে যায়।’
দ্বিতীয় শ্রেণির ছাত্র শওকত হোসেন বলে, ‘আগে আসলে বেঞ্চ পাওয়া যায় আর পরে আসলে পাকাত বসি ক্লাস করতে হয়।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ বাহার বলেন, গাছতলায় ক্লাস নেওয়ার সময় বাচ্চারা অমনোযোগী হয়। তারা কথা শুনতে চায় না। তা ছাড়া বর্ষা, রোদে, ঠান্ডায় সব সময়ই বিড়ম্বনায় পড়তে হয়।
আরেক সহকারী শিক্ষক রুমি বেগম বলেন, ‘আমাদের বসার তেমন চেয়ার নেই, তাতে সমস্যা নেই। কিন্তু ছাত্রছাত্রীদের বেঞ্চ ও কক্ষ না থাকার কষ্ট সহ্য হয় না। আগে ৫৫টি বেঞ্চ ছিল, সেগুলোও বেশির ভাগ ভেঙে গেছে। এখন ২১৩ জন ছাত্রছাত্রীর জন্য মাত্র ২৩টি বেঞ্চ আছে, প্রতি বেঞ্চে তিনজন করে বসা যায়। যারা বেঞ্চে জায়গা পায় না, তারা মেঝেতে বসে ক্লাস করে।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুজ্জামান প্রামাণিক বলেন, বেঞ্চ ও কক্ষসংকটের বিষয়টি উপজেলা চেয়ারম্যান ও শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে, কিন্তু কাজ হয়নি। এ অবস্থায় স্কুলটিতে শিক্ষার্থীর উপস্থিতি সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।
উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, পরিকল্পনা করে উপজেলা উন্নয়ন তহবিলের টাকা থেকে ওই বিদ্যালয়ে বেঞ্চ দেওয়া হবে। আর সরকারিভাবে বরাদ্দ পেলে শ্রেণিকক্ষও নির্মাণ করা হবে।