কক্ষসংকটে গাদাগাদি করে পাঠদান, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এভাবে গাদাগাদি করে বসে ক্লাস করতে হয় শিক্ষার্থীদের l প্রথম আলো
পঞ্চগড়ের মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এভাবে গাদাগাদি করে বসে ক্লাস করতে হয় শিক্ষার্থীদের l প্রথম আলো

প্রয়োজনীয় শ্রেণিকক্ষ ও বসার আসনের অভাবে পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাদাগাদি করে ক্লাস করছে শিক্ষার্থীরা। ধারণ ক্ষমতার চেয়ে বেশি শিক্ষার্থী গাদাগাদি করে বসায় বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আজম প্রথম আলোকে বলেন, মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলার একটি ঐতিহ্যবাহী প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে বিদ্যালয়ে প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৪০৪ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী অনুপাতে শ্রেণিকক্ষ ও বসার আসন কম থাকায় পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ১৮৭২ সালে ৬৪ শতক জমির ওপর বিদ্যালয়টি স্থাপন করা হয়। ১৯৭৩ সালে বিদ্যালয়টি সরকারি করা হয়। ওই সময় বেসরকারি ব্যবস্থাপনায় ছয় কক্ষের একটি টিনশেড ভবন নির্মাণ করা হয়।
শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় পরে ইসলামি উন্নয়ন ব্যাংক ও পিইডিপি-২-এর আওতায় আরও দুটি ভবন নির্মাণ করা হয়। এ দুটি ভবনে পাঁচটি কক্ষ রয়েছে। গত বছরের জুলাই মাসে ছয় কক্ষবিশিষ্ট টিনশেড ভবনটির দেয়াল ধসে পড়লেও তিনটি কক্ষে পাঠদান চলত। কিছুদিন পরেই আবার টিনশেড ভবনটি ধসে পড়ায় এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে কক্ষ-সংকটে পড়ে বিদ্যালয়টি। পরিত্যক্ত টিনশেড ভবনটি ঝুঁকিপূর্ণভাবে থাকলেও সেটা এখনো অপসারণ করা হয়নি।
বর্তমানে বাকি দুটি ভবনের পাঁচটি কক্ষের মধ্যে একটি কক্ষ শিক্ষকদের অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। অবশিষ্ট চারটি কক্ষে ছয়টি শ্রেণির কার্যক্রম চালাতে হচ্ছে। ফলে শিক্ষার্থীদের গাদাগাদি করে বসতে হয়। বাধ্য হয়ে এক শিফটের বিদ্যালয়টি বর্তমানে দুই শিফটে পাঠদান করা হচ্ছে।
সরেজমিনে বিদ্যালয়ে গেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান ও আফজাল হাবীব বলে, ‘ছোট ছোট বেঞ্চে গাদাগাদি করে বসতে হয়। এভাবে বসে লিখতে, পড়তে অসুবিধা হয়। আমাদের নতুন স্কুল ভবন দরকার।’
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জালালউদ্দীন আহাম্মেদ প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে ৭০-৭৫ জন শিক্ষার্থী গাদাগাদি করে পড়াশোনা করছে। এতে পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণ না করায় যেকোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বিদ্যালয়টি ইতিমধ্যে স্থানীয় সাংসদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করে গেলেও কার্যকর সমাধান হয়নি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান বলেন, দ্বিতীয় শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা ৮০ জন। উপস্থিতিও প্রায় শতভাগ। তাদের একটি শ্রেণিকক্ষে পাঠদান করানো হয়। কিন্তু পাঠের সময় কম থাকায় সব শিক্ষার্থীর প্রতি মনোযোগ দেওয়া সম্ভব হয় না।
এ ব্যাপারে জানতে চাইলে পঞ্চগড় সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা মাসুদ হাসান প্রথম আলোকে বলেন, পরিত্যক্ত ঘোষিত বিদ্যালয় ভবনটি অপসারণে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের লিখিতভাবে জানানো হয়েছে। নতুন ভবনের জন্য তালিকাও পাঠানো হয়েছে।