কক্ষসংকটে পরিত্যক্ত ভবনে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণীকক্ষের অভাবে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী জিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদের একটি জরাজীর্ণ ভবনে ১৬ বছর ধরে পাঠদান করা হচ্ছে। যেকোনো সময় ওই ভবন ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের একটি পরিত্যক্ত দ্বিতল ভবনের নিচতলায় শিক্ষার্থীদের পাঠদান চলছে। ভবনটির ছাদের পলেস্তারা খসে পড়ছে। দেয়ালে দেখা দিয়েছে ফাটল। দশম শ্রেণীর শিক্ষার্থী তুষার হালদার বলে, ‘ যতক্ষণ এখানে থাকি ততক্ষণ আতঙ্কে থাকতে হয়। যেকোনো সময় ভবনটি ধসে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।’ বিদ্যালয়ের কার্যালয় সূত্রে জানা গেছে, এখানে ২৯২ জন শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক আছেন।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজুরুল কাদির জানান, পাঠদানের জন্য ১০টি কক্ষের প্রয়োজন, কিন্তু আছে মাত্র দুটি। তাই পরিত্যক্ত ভবন, ছাত্রাবাস ও সিঁড়ির সামনে বেঞ্চ বসিয়ে পাঠদান করা হচ্ছে। পিরোজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ফণীভূষণ মণ্ডল বলেন, বিদ্যালয়ের ভবন সম্প্রসারণের জন্য প্রধান প্রকৌশলীর কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।