কক্ষসংকটে পুকুরঘাটে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণীকক্ষের অভাবে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সোনাখালী মুন্সী আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুকুরঘাটে খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে। স্থানসংকুলান না হওয়ায় কয়েকটি শ্রেণীর শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এভাবে কষ্ট করে ক্লাস করছে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, রোদের মধ্যে খোলা আকাশের নিচে বিদ্যালয়ের দক্ষিণ দিকের পুকুরের শান বাঁধানো ঘাটে পাঠদান চলছে। ওই সময় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ইসলাম শিক্ষা পড়াচ্ছিলেন এক শিক্ষক। সপ্তম শ্রেণীর ছাত্র মো. ইব্রাহিম ফরাজী জানায়, রোদের মধ্যে ক্লাস করতে খুব কষ্ট হয়। আবার বৃষ্টি এলে বিদ্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে ক্লাস করতে হয়। একই শ্রেণীর ছাত্র রিয়াজুল ইসলাম জানায়, প্রতিদিন ঘাটে বসে তাদের সাধারণ বিজ্ঞান ও ইসলাম শিক্ষার ক্লাস করতে হয়। বিদ্যালয়ের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৬ সালে এ বিদ্যালয়টি স্থাপিত হয়। বর্তমানে এখানে ৬৭২ জন শিক্ষার্থী ও ১৫ জন শিক্ষক আছেন। এবারের এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয়ের ৯০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে তিনজন। সহকারী প্রধান শিক্ষক অপরান্দ কিত্তনীয়া জানান, শিক্ষার্থীদের পাঠদানের জন্য ১৮টি শ্রেণীকক্ষের প্রয়োজন, কিন্তু আছে মাত্র ১২টি। এ ছাড়া শিক্ষক ও আসবাবের সংকটও রয়েছে। বিদ্যালয়টি এ অঞ্চলের শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে। তাই প্রতিবছর শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। প্রধান শিক্ষক আবদুল লতিফ সিকদার বলেন, শ্রেণীকক্ষের সংকটের কারণে বাধ্য হয়ে খোলা আকাশের নিচে পাঠদান করতে হচ্ছে। বিদ্যালয়ের তহবিলে টাকা না থাকায় নতুন ভবন নির্মাণ করা যাচ্ছে না।পরিচালনা পর্ষদের সভাপতি তোতাম্বর হোসেন বলেন, ‘নতুন ভবন নির্মাণের তালিকায় একবার আমাদের বিদ্যালয়ের নাম ছিল। পরে অজ্ঞাত কারণে ওই তালিকা থেকে নামটি বাদ পড়ে।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম মিয়া জানান, বিদ্যালয়টিতে অবকাঠামোগত-সুবিধা বাড়াতে সরকারিভাবে অর্থ বরাদ্দ করা হবে।