কক্ষসংকটে বারান্দায় পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের ভবন আছে। কিন্তু ঝুঁকিপূর্ণ হওয়ায় তা দীর্ঘদিন ধরে ব্যবহার করা যাচ্ছে না। এতে দেখা দিয়েছে শ্রেণীকক্ষ-সংকট। তাই বারান্দায় চট বিছিয়ে পাঠদান করা হচ্ছে।সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর এলাকার লক্ষ্মীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছুসংখ্যক শিক্ষার্থী প্রায় এক যুগ ধরে এভাবে কষ্ট করে ক্লাস করছে। তবে বৃষ্টি হলে বারান্দায় ক্লাস নেওয়া সম্ভব হয় না।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৪৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫-৯৬ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে একটি একতলা ভবন নির্মাণ করে। এই ভবনে চারটি কক্ষে আছে। কিন্তু নিম্নমানের কাজ হওয়ায় শুরু থেকেই ভবনটির ছাদ চুইয়ে পানি পড়তে থাকে। একপর্যায়ে ১৯৯৮ সালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভবনটি ঝুঁঁকিপূর্ণ ঘোষণা দেন। তিনি এ সময় ক্লাস না করার জন্য শিক্ষকদের পরামর্শ দেন।প্রধান শিক্ষক উম্মে সালমা বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় কোনো কাজে আসছে না। একটি টিনের ঘর গত মে মাসের ঝড়ে ভেঙে যাওয়ায় বর্তমানে ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। ঝড়-বৃষ্টি শুরু হলে বারান্দা ও বেড়াবিহীন কক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে এক রুমে বসে থাকতে হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইয়াকুব হোসেন বলেন, ‘ওই বিদ্যালয়ের সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’ উপজেলা প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে নির্মাণকাজের ত্রুটি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’