কক্ষসংকটে মাঠে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার চেংমারী উচ্চবিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী খোলা আকাশের নিচে ক্লাস করছে। গত ২১ এপ্রিল রাতে কালবৈশাখীতে বিদ্যালয়ের ছয়টি শ্রেণিকক্ষের চাল উড়ে যাওয়ায় এবং তিনটি কক্ষে ফাটল দেখা দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা শহর থেকে ছয় কিলোমিটার দূরে চেংমারী গ্রামে ১৯৯৪ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। বিদ্যালয়ের একটি টিনশেড ভবনে ১৩টি আধা পাকা কক্ষ রয়েছে। এর মধ্যে দুটি কার্যালয়, একটি কমন রুম ও ১০টি শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে। শিক্ষার্থীর সংখ্যা ৪০০। শিক্ষক ১৫ জন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুজ্জামান বলেন, ‘২১ এপ্রিল রাতের কালবৈশাখীর আঘাতে বিদ্যালয়ের ছয়টি কক্ষের চালের টিন উড়ে গেছে। কক্ষে দেখা দিয়েছে ফাটল। এ কারণে দুর্ঘটনা এড়াতে ষষ্ঠ ও অষ্টম শ্রেণির দেড় শতাধিক শিক্ষার্থীর ক্লাস নেওয়া হচ্ছে খোলা আকাশের নিচে। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছি। এখনো সাড়া পাইনি।’
গত বুধবার দুপুরে ওই বিদ্যালয়ে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে অষ্টম শ্রেণির তথ্য ও প্রযুক্তি বিষয়ের ক্লাস নিচ্ছেন সহকারী শিক্ষক মতিয়ার রহমান এবং ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ক্লাস নিচ্ছেন অপর সহকারী শিক্ষক মানিক মিয়া।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুমি আক্তার বলে, খোলা স্থানে ক্লাস করতে ভালো লাগে না। অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাসুম মিয়া বলে, কয়েক দিন ধরে কখনো রোদ কখনো বৃষ্টি। এতে খোলা মাঠে ক্লাস করতে সমস্যা হচ্ছে। সহকারী শিক্ষক মানিক মিয়া বলেন, শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে ক্লাস করতে কষ্ট হচ্ছে। তার পরও বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে এভাবে পাঠদান করতে হচ্ছে। এভাবে ক্লাস নিতে নিজের কাছেও খারাপ লাগছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল হক বলেন, ‘ঝড়ে ক্ষতিগ্রস্ত ওই বিদ্যালয়ের সমস্যাটি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’