কক্ষস্বল্পতায় মিলনায়তন ও গ্রন্থাগারেও চলে ক্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর জেলা শিশু একাডেমীতে শিক্ষার্থীর চাপ ও প্রয়োজনের তুলনায় শ্রেণিকক্ষ কম থাকায় সরকারি ছুটির দিনেও ক্লাস হচ্ছে। সেই সঙ্গে মিলনায়তন ও গ্রন্থাগারেও চলে ক্লাস।
শিশু একাডেমী কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুর শহরে ১৯৮১ সালে জেলা শিশু একাডেমী প্রতিষ্ঠিত হয়। দোতলা ভবনবিশিষ্ট এই শিশু একাডেমীতে মাত্র আটটি কক্ষ রয়েছে। এর মধ্যে দাপ্তরিক কাজের জন্য অফিসকক্ষ দুটি। মিলনায়তন ও গ্রন্থাগার দুটি কক্ষে। আর বাকি চারটি কক্ষে এখানে আটটি বিষয়ে চার বছর মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়। বিষয়গুলো হলো হাতের লেখা, চিত্রাঙ্কন, নৃত্য, সংগীত, আবৃত্তি, তবলা, গিটার ও ইংরেজি ভাষা শিক্ষা। এখানে ৪ বছর থেকে ১৮ বছর পর্যন্ত শিশু-কিশোররা প্রশিক্ষণার্থী রয়েছে প্রায় এক হাজার। কিন্তু চারটি কক্ষে প্রশিক্ষণার্থীদের ক্লাস নিতে হিমশিম খেতে হচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের। এ ছাড়া গ্রন্থাগারে বই রয়েছে ৮ হাজার ৮৯০টি বই। প্রশিক্ষণার্থীরা নিয়মিত বইও পড়াশোনা করে থাকে।
এসব কার্যক্রম পরিচালনা করতে সরকারিভাবে একজন শিশুবিষয়ক কর্মকর্তাসহ কর্মচারীর পদ রয়েছে পাঁচটি। তবে একজন কর্মচারীর পদ শূন্য রয়েছে। প্রতি ক্লাসভিত্তিক প্রশিক্ষকদের ২০০ টাকা করে সম্মানী দেওয়া হয়। এই সম্মানী বাড়ানোর দাবি জানিয়েছেন প্রশিক্ষকেরা। প্রশিক্ষক রয়েছেন ১৭ জন।
প্রতিষ্ঠাকাল থেকে সংগীত প্রশিক্ষক হিসেবে আছেন রেজেকা সুলতানা। তিনি বলেন, ‘শুরুর দিকে প্রশিক্ষণার্থী নিয়ে আসতে আমরা অনেক পরিশ্রম করেছি। এখন চাপ অনেক। সে অনুপাতে কক্ষ-সংকট রয়েছে। এরপরও সংগীতকে ভালোবেসে এ কাজটি ছেড়ে দেইনি।’ তিনি সব প্রশিক্ষকের সম্মানী বাড়ানোর দাবি জানান। একজন প্রশিক্ষণার্থীর অভিভাবক সুলতানা আক্তার বলেন, নানা বিষয়ে শিশুকে এখানে গড়ে তোলা হয়। এখানকার পরিবেশও ভালো। তবে বিভাগীয় শহর হিসেবে আরও নতুন ভবন হওয়ার প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
এ ব্যাপারে জানতে চাইলে শিশুবিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা প্রথম আলোকে বলেন, ‘এখানে প্রশিক্ষণার্থী অনুযায়ী শ্রেণিকক্ষ অনেক কম। এ কারণে মিলনায়তন ও গ্রন্থাগারেও ক্লাস অনুষ্ঠিত হয়। এমনকি সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার আমরা এখানে ক্লাস নিয়ে থাকি।’