ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে গতকাল মঙ্গলবার স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।বিশ্ববিদ্যালয়ের একটি উন্নয়নকাজে নিজেদের পছন্দের প্রতিষ্ঠানকে কাজ না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে যুগলীগের কর্মীরা এ কাজ করেন বলে জানা গেছে।বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাটি ভরাটের জন্য এক কোটি ৫৮ লাখ টাকার কাজের দরপত্র আহ্বান করা হয় গত ২৭ সেপ্টেম্বর। দরপত্রে যুবলীগ-সমর্থিত একটি প্রতিষ্ঠানসহ চারটি প্রতিষ্ঠান অংশ নেয়। তবে শর্তপূরণ না হওয়ায় দরপত্র বাতিল করে পুনরায় দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা বিভাগের পরিচালক হাফিজুর রহমান অভিযোগ করেন, ত্রিশাল উপজেলা যুবলীগের ২০-২৫ জন নেতা-কর্মী গতকাল তাঁর কক্ষে ঢুকে তাঁদের পছন্দের প্রতিষ্ঠানকে ওই কাজ দিতে বলেন। কিন্তু তাতে রাজি না হলে যুবলীগের কর্মীরা তাঁকে বিভিন্ন হুমকি-ধমকি দেন। এরপর তাঁরা বিভাগের সহকারী পরিচালক আশরাফুল ইসলাম, কম্পিউটার অপারেটর সেলিম ও অফিস সহকারী জামানকে তাঁদের কক্ষের ভেতরেই পিটিয়ে আহত করেন।সহকারী পরিচালক আশরাফুল ইসলাম অভিযোগ করেন, ‘যুবলীগের কর্মীরা আমার কক্ষে ঢুকে আমাকে মারধর করেন এবং কম্পিউটার অপারেটর সেলিম ও পিয়ন জামানকে পিটিয়ে আহত করে চলে যান।’বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আবুল বাশার জানান, দরপত্রের শর্তপূরণ না হওয়ায় চারটি প্রতিষ্ঠানের আবেদন বাতিল করে পুনরায় দরপত্রের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুবলীগের নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আকন্দ প্রথম আলোকে বলেন, ‘সংগঠনের কিছু কর্মী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিল বলে শুনেছি। তবে তাঁরা সেখানে কাউকে মারধর করেছে কি না জানি না।’