কক্ষের অভাবে ছাদে ও বারান্দায় পাঠদান
কক্ষের অভাবে খুলনা নগরের দক্ষিণ টুটুপাড়ার আহমাদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ও বারান্দায় চলছে পাঠদান। প্রখর রোদ ও বৃষ্টির কারণে শিক্ষক-শিক্ষার্থীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত ওই বিদ্যালয়ে এখন শিক্ষার্থীর সংখ্যা ২৫০ জন। ২০০৫ সালে সাইক্লোন শেল্টার হিসেবে দুই তলা একটি ভবন নির্মাণ করা হয়। সে ভবনেই চলছে বিদ্যালয়ের কার্যক্রম। ভবনটির নিচ তলা ফাঁকা রেখে দুই তলায় তিনটি কক্ষ নির্মাণ করা হয়। পরে এটিকে তিন তলা ভবন করা হবে বলে জানানো হয়। কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি।বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, দোতলার তিনটি কক্ষের একটিতে অফিস। বাকি দুটি কক্ষে সব শ্রেণীর ক্লাস নেওয়া সম্ভব না হওয়ায় বিদ্যালয়ের বারান্দায় চতুর্থ শ্রেণী ও ছাদে প্রথম শ্রেণীর ক্লাস নেওয়া হচ্ছে। চতুর্থ শ্রেণীর ছাত্রী শারমিন সুলতানা জানায়, বারান্দায় রোদ এসে পড়ায় প্রচণ্ড গরমের মধ্যে তাদের ক্লাস নিতে হচ্ছে। আর বৃষ্টি হলে তাদের সব বই-খাতা ভিজে যায়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মাসুম বিল্লাহ জানান, এ সমস্যা দীর্ঘদিনের। শ্রেণীকক্ষের স্বল্পতার কারণে পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। একই কক্ষে দুটি শ্রেণীর ক্লাস নিতে হচ্ছে। উপজেলা শিক্ষা কার্যালয় থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিদর্শনে এসে বিষয়টি দেখে গেছেন। তবে কবে নাগাদ কাজ শুরু হবে, এ ব্যাপারে তাঁরা কিছু বলেননি।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার প্রথম আলোকে জানান, তিনি নিজে গিয়ে বিষয়টি দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।