কক্ষের অভাবে পাঠদান বিঘ্নিত হওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহ্যবাহী রাজশাহী কলেজে ১৫ বছর পর আবার উচ্চমাধ্যমিক শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এবার উচ্চমাধ্যমিক শ্রেণীতে ৬০০ শিক্ষার্থী ভর্তি করা হবে। এদিকে কলেজটিতে স্নাতক ও সম্মানপর্যায়ে প্রায় ২৬ হাজার শিক্ষার্থী রয়েছে। এ অবস্থায় কলেজটিতে শ্রেণীকক্ষ বাড়ানো জরুরি হয়ে পড়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, দুই পালা করে উচ্চমাধ্যমিক ও স্নাতক শ্রেণীর ক্লাস নেওয়া হবে। এতে সমস্যা হবে না। ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত এই কলেজে ১৯৯৬ সালে উচ্চমাধ্যমিক শ্রেণীর ভর্তি বন্ধ করে দেওয়া হয়। ৬ জুন শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে রাজশাহী কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে। কলেজ সূত্রে জানা গেছে, বিজ্ঞানে ৩০০, মানবিক ও বাণিজ্য বিভাগে ৩০০ শিক্ষার্থী ভর্তি করা হবে। ৭ জুন থেকে ভর্তির ফরম বিতরণ শুরু হয়েছে। প্রথম দুই দিনে প্রায় দুই হাজার ফরম বিক্রি হয়েছে বলে জানা গেছে। শিক্ষার্থীরা জানান, এখনো কলেজে শ্রেণীকক্ষের অভাব রয়েছে। কলেজের কলা ভবনে ১৬টি শ্রেণীকক্ষ রয়েছে। এর মধ্যে একটিতে ইংরেজি শিক্ষা কর্মসূচি এবং আরেকটিতে কম্পিউটার ল্যাব করা হয়েছে। বাকি ১৪টিতে সাতটি বিভাগের চার বর্ষের সম্মান শ্রেণীর ক্লাস নেওয়া হয়। সমাজবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী জানান, তাঁদের বিভাগের জন্য দুটি শ্রেণীকক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটিতে সর্বোচ্চ ৫০ জন শিক্ষার্থীর বসার ব্যবস্থা রয়েছে। কিন্তু এই বিভাগে প্রতি বর্ষে ২৫০ জন করে শিক্ষার্থী ভর্তি হয়। ২০০ শিক্ষার্থীই শ্রেণীকক্ষে ঢুকতে না পেরে ফিরে যায়। এই দুটি কক্ষে সম্মান শ্রেণীর চার বর্ষের এবং মাস্টার্সের ক্লাস পালাক্রমে করা হয়। ওই শিক্ষার্থী বলেন, প্রথম প্রথম শিক্ষার্থী এসে ফিরে যায়, পরে আর তারা ক্লাস করতে আসে না। শিক্ষার্থীরা জানান, শ্রেণীকক্ষ সংকটের কারণে রাজশাহী কলেজের পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। ২০০৮ সালের মে মাসে সাবেক শিক্ষাসচিব মমতাজুল ইসলাম রাজশাহী কলেজে এসে শিক্ষার্থীদের মধ্যে তাঁদের একাডেমি এবং পরীক্ষার হলের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়ে যান। কিন্তু আজও সে ঘোষণার কোনো বাস্তবায়ন হয়নি। কলেজ কর্তৃপক্ষ বলছে, প্রকল্পটি দীর্ঘদিন ধরে ঝুলে আছে।কলেজের উপাধ্যক্ষ হবিবুর রহমান স্বীকার করেন, অনেক বিভাগে ২৫০ জন করে শিক্ষার্থী রয়েছে। কিন্তু ওই পরিমাণ শিক্ষার্থীকে বসানোর মতো কোনো শ্রেণীকক্ষ তাঁদের নেই। তবে তিনি বলেন, দুই পালা করে সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত স্নাতক ও সম্মান শ্রেণীর এবং বেলা সোয়া ১১টা থেকে সোয়া তিনটা পর্যন্ত উচ্চমাধ্যমিক শ্রেণীর ছয়টি ক্লাস নেওয়া হবে। এতে কোনো সমস্যা হবে না। তা ছাড়া তাঁরা পরিত্যক্ত চারটি শ্রেণীকক্ষ পাঠদানের উপযুক্ত করেছেন। তিনি বলেন, মন্ত্রণালয়ের অনুমতি পেলে আরও তিনটি শ্রেণীকক্ষ তাঁরা নিজেরাই নির্মাণ করবেন।