কক্ষের ভেতরে সাপ, আতঙ্কে শিক্ষার্থীরা
‘সন্ধ্যার দিকে আমি যখন কক্ষ পরিষ্কার করছিলাম, হঠাৎ করে আমার বেডশিটের নিচ থেকে বেরিয়ে আসে সাপটি। এ সময় আমি চিৎকার দিলে আশপাশের কক্ষের শিক্ষার্থীরা এসে হলের নিরাপত্তাকর্মীদের খবর দেন। তাঁরা এসে সাপটি মেরে ফেলেন। এর পর থেকে আমার নির্ঘুম রাত কাটে।’ আতঙ্কিত কণ্ঠে কথাগুলো বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহেরা আকতার। তিনি বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া ছাত্রীবাসের ১০৩ নম্বর কক্ষে থাকেন। কয়েক দিন আগে তাঁর কক্ষ থেকে সাপটি উদ্ধার করা হয়। হলের শিক্ষার্থীরা সাপটি কোন প্রজাতির তা চিনতে পারেননি। তবে তাঁরা বলেন, প্রায় এক হাত লম্বা কালো রঙের সাপটির মাথায় ফুল ও গায়ে ডোরাকাটা রয়েছে, যা দেখে মনে হয়েছে এটি একটি বিষধর সাপ।
শুধু ওই দিন নয়, কয়েক দিন পর পর পাহাড়ের টিলার ওপর অবস্থিত ওই ছাত্রীবাস থেকে সাপ উদ্ধারের ঘটনা ঘটছে। গত দুই সপ্তাহে ছাত্রীবাসের দুই ও তিনতলার গণশৌচাগার থেকে পাঁচটি সাপ উদ্ধার করা হয়। একের পর এক সাপ উদ্ধারের ঘটনা ঘটলেও ছাত্রীবাস কর্তৃপক্ষ কোনো প্রতিকারের ব্যবস্থা নেয়নি। তবে শিক্ষার্থীরা সাপ দেখার সঙ্গে সঙ্গে খবর দিলে ছাত্রীবাসের নিরাপত্তা কর্মীরা এসে তা মেরে নিয়ে যান। তিন মাস আগে স্যার এফ রহমান ও আলাওল ছাত্রাবাসের গণশৌচাগার এবং কয়েকটি কক্ষ থেকেও সাপসহ সাপের ডিম উদ্ধার করেছিলেন শিক্ষার্থীরা।
৮ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ে ঈদ ও পূজার ছুটি শুরু হয়েছে। অধিকাংশ শিক্ষার্থীই বাড়ি ফিরেছেন। বিশ্ববিদ্যালয় খুলবে আগামী ১ নভেম্বর। দ্রুত প্রতিকারের ব্যবস্থা না নিলে এই বন্ধে সাপের আনাগোনা আরও বাড়ার আশঙ্কা করছেন ছাত্রীবাসের আবাসিক শিক্ষার্থীরা। ছাত্রীবাসের আশপাশের ঝোপঝাড় ও গণশৌচাগার নিয়মিত পরিষ্কার না করাকে এর জন্য দায়ী করা হয়েছে।
বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষক শামসুন নাহার প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে সবার সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন বলে প্রথম আলোকে জানান।