কক্ষ-সংকট, শামিয়ানার নিচে জেএসসি পরীক্ষা
কক্ষসংকটের কারণে নীলফামারীর জলঢাকা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা নেওয়া হচ্ছে শামিয়ানার নিচে। এতে অতিরিক্ত গরমে অসুস্থ হওয়াসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে পরীক্ষার্থী ও কর্তব্যরত শিক্ষকদের।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, জলঢাকায় পাঁচটি কেন্দ্রে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও চারটিতে জেএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। উপজেলায় জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৮১১ জন। জেডিসি পরীক্ষার্থী ১ হাজার ১৭ জন। পাঁচ কেন্দ্রের মধ্যে জলঢাকা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬৬১ জন। এখানে পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় বিদ্যালয় মাঠে শামিয়ানা টানিয়ে সাতটি অস্থায়ী প্যান্ডেল তৈরি করে প্রায় সাড়ে চার শ জনের পরীক্ষা নেওয়া হচ্ছে।
কেন্দ্রসচিব ও জলঢাকা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম ওয়ারেছ আলী বলেন, শ্রেণিকক্ষের অভাবে প্যান্ডেল করে পরীক্ষা নিতে হচ্ছে। স্থানীয় সাংসদ গোলাম মোস্তফা ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আহমেদ হোসেন শ্রেণিকক্ষ বাড়ানোর আশ্বাস দিয়েছেন।
গতকাল সোমবার জেএসসিতে ইসলাম ও হিন্দুধর্ম বিষয়ে পরীক্ষা হয়। পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্যান্ডেলের ভেতরে দায়িত্বরত কক্ষ পরিদর্শক ফরিদা বেগম প্রচণ্ড গরমে অসুস্থ বোধ করছেন। তাঁকে দ্রুত বিশ্রামে পাঠানো হয়।
এ সময় ফরিদা বেগম সাংবাদিকদের বলেন, ‘প্যান্ডেলের ভেতরে প্রচণ্ড গরমের কারণে অস্বস্তি বোধ করছিলাম।’
কেন্দ্রে দায়িত্বরত বালাগ্রাম বালিকা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ধনেশ্বর রায় বলেন, দীর্ঘ সময় রোদের মধ্যে থাকার কারণে দায়িত্ব পালনে অসুবিধা হচ্ছে।
পরীক্ষার্থী সাখাওয়াত হোসেন, সামিউল ইসলামসহ কয়েকজন বলেন, রাতের কুয়াশায় বেঞ্চ ভিজে থাকে। পরীক্ষা শুরুর সময় এ বেঞ্চে খাতা রাখলে ভিজে যায়। দুপুরে রোদে প্রচণ্ড গরম লাগে, ঘামে শরীর ভিজে যায়। এ কারণে লিখতে সমস্যা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ-উজ-জামান সরকার বলেন, পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় এ সমস্যা হয়েছে। পরেরবার উপজেলায় আরও একটি কেন্দ্র বাড়ানো হবে। তখন সমস্যা হবে না।