কক্ষ-সংকটে বারান্দায় পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণিকক্ষ, পর্যাপ্ত বেঞ্চ এবং শিক্ষকের অভাবে কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের রোদারপুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের বারান্দায় চলছে পাঠদান।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালে চারটি শ্রেণিকক্ষ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। ২০১৪ সালে বিদ্যালয়টিতে ষষ্ঠ শ্রেণি এবং চলতি বছর সপ্তম শ্রেণিতে পাঠদান শুরু হয়। কিন্তু বাড়েনি শ্রেণিক্ষক, বেঞ্চ এবং অন্যান্য উপকরণ। বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ৩৫২ জন ছাত্রছাত্রী রয়েছে। সে অনুপাতে শিক্ষক দরকার নয়জন, কিন্তু কর্মরত রয়েছেন ছয়জন। শ্রেণিকক্ষ দরকার আটটি, কিন্তু রয়েছে চারটি। এ কারণে বাধ্য হয়ে শিশু শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ের বারান্দায় চট বিছিয়ে এবং এক কক্ষে একই সময় ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ক্লাস নিচ্ছেন শিক্ষকেরা। শিক্ষক-সংকটে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালটিতে দুই পালায় ক্লাস চলে।

১৮ মার্চ বিদ্যালয়ে গেলে ষষ্ঠ শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার, শাবনুর ও শিরিন আক্তার; সপ্তম শ্রেণির ছাত্রী শেফালী আক্তার, মাসুমা ও রহিমা আক্তার জানায়, এক কক্ষে একই সময় দুটি শ্রেণির ক্লাস শুরু হলে তাঁরা পড়াশোনায় মনোযোগ দিতে পারে না। বিদ্যালয়ের বারান্দায় চটে বসিয়ে শিশু শ্রেণিতে পাঠদান করছেন সহকারী শিক্ষক আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘শিশুদের জন্য আলাদা একটি শ্রেণিকক্ষের বিধান থাকলেও শ্রেণিকক্ষ-সংকটের কারণে বিধান মানতে পারছি না। বাধ্য হয়ে বারান্দায় পাঠদান করাচ্ছি। বৃষ্টি হলে শিশুরা বাড়ি চলে যায়। তীব্র রোদে শিশুরা অসুস্থ হয়ে পড়ে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদরুল আলম মুঠোফোনে বলেন, ‘শ্রেণিকক্ষ ও শিক্ষক-সংকট এবং আসবাব দেওয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিত ও মৌখিকভাবে অনেক বলেছি। সরকারি বিধান হলো কোনো প্রাথমিক বিদ্যালয়কে অষ্টম শ্রেণিতে উন্নীত করা হলে, তবে সেই বিদ্যালয়ে দুজন বিএড শিক্ষক নিয়োগ দিতে হবে। কিন্তু দুই বছরেও কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাহার উদ্দিন বলেন, ‘বিদ্যালয়ে শ্রেণিকক্ষ, শিক্ষক ও আসবাব-সংকট রয়েছে। ভবনে বড় বড় ফাটল দেখা দিয়েছে। যেকোনো সময় ভবন ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়গুলো আমি কয়েকবার উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছি।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তাহের ভূইয়াবলেন, ওই বিদ্যালয়ের সমস্যাগুলো জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।