কক্সবাজার, লক্ষ্মীপুর, নোয়াখালী ও চট্টগ্রামে ২৬ যানবাহন ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও চট্টগ্রামে আধা বেলা এবং সারা দেশে গতকাল বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। গত বুধবার ঢাকায় তাদের সমাবেশ করতে না দেওয়ায় তারা এ হরতাল ডাকে।হরতাল চলাকালে ফেনীতে পিকেটারদের ধাওয়া খেয়ে পালানোর সময় গুরুতর আহত হন অটোরিকশাচালক মো. ইমন (২৫)। পরে তিনি হাসপাতালে মারা যান।চট্টগ্রাম, কক্সবাজার, লক্ষ্মীপুর ও নোয়াখালীতে ২৬টি যানবাহন ভাঙচুর ও নয়টিতে আগুন ধরিয়ে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। লক্ষ্মীপুরে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ২৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: চট্টগ্রাম: সকালে লালদীঘির পাড় এলাকায় হরতাল-সমর্থকেরা একটি টেম্পো এবং মাইলের মাথা এলাকায় একটি হিউম্যান হলারে আগুন ধরিয়ে দেয় হরতালকারীরা। এ সময় চকবাজার এলাকায়ও একটি টেম্পো ভাঙচুর করা হয়। এ ছাড়া হরতাল-সমর্থকেরা আতুরার ডিপোতে একটি হিউম্যান হলার এবং বিবিরহাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি টেম্পো ভাঙচুর করে। এ ছাড়া সীতাকুণ্ড পৌর সদরের নুনাছড়া এলাকায় কাভার্ড ভ্যানে, পন্থীছিলা বাজারে চট্টগ্রামমুখী একটি পিকআপ ভ্যানে আগুন ও একটি কাভার্ড ভ্যান ভাঙচুর করে পিকেটাররা। সকালে উপজেলা সদরে একটি বাসও ভাঙচুর করে হরতাল-সমর্থকেরা। পটিয়াতেও দুটি ট্রাকের কাচ ভাঙচুর করে হরতালকারীরা।অগ্নিসংযোগ ও ভাঙচুর করার অভিযোগে শিবিরের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।ফেনী: হরতাল চলাকালে তিন-চারজন স্কুলশিক্ষককে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ফেনী শহর থেকে ট্রাংক রোড হয়ে শর্শদি যাচ্ছিল। পথে আদালতপাড়ার কাছাকাছি স্থানে জামায়াত-শিবিরের পিকেটাররা অটোরিকশাটি দেখতে পায়। পিকেটারদের হাত থেকে বাঁচতে চালক পালানোর সময় সড়কের পাশে একটি গাছের সঙ্গে অটোরিকশাটি ধাক্কা খায়। এ সময় চালক ইমন ও যাত্রীরা আহত হন। পরে ইমন ফেনী সদর হাসপাতালে মারা যান। ইমন কুমিল্লার চৌদ্দগ্রামের শিলরী গ্রামের জামাল উদ্দিনের ছেলে। কক্সবাজার: শহরের লালদীঘির পাড়, ফজল মার্কেট, বাজারঘাটা, বার্মিজ মার্কেট এলাকায় শিবিরের কর্মীরা ১১টি যানবাহন ভাঙচুর করেন। এ সময় পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ১২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। উখিয়া (কক্সবাজার): পালংখালী স্টেশন থেকে তিন শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষ্মীপুর: সকালে সদর উপজেলার কাজীরিদিঘীর পাড় বাজারে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আবদুল মতিনসহ ১০ জন আহত হন। এ সময় এক শিবির কর্মীকে আটক করা হয়। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের গাড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার সময় শহরের আলিয়া মাদ্রাসার সামনে শিবির কর্মীরা ওই গাড়ির চালক আবুল হাশেমকে মারধর করে গাড়ি ভাঙচুর করেন। এ সময় একটি মাইক্রোবাসও ভাঙচুর করেন তাঁরা। রামগতি (লক্ষ্মীপুর): পিকেটিংয়ের সময় শিবিরের রামগতি দক্ষিণ অঞ্চলের সভাপতি রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। নোয়াখালী: বিকেলে জামায়াত-শিবির টাউন হলের মোড়ে একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। সকালে শহরের পৌর বাজারে বিক্ষোভ মিছিল ও একটি ট্রাক ভাঙচুর করে পিকেটাররা। কোম্পানীগঞ্জে করালিয়া এলাকায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন নোমান ও কলেজ ছাত্রলীগের নেতা মো. রুবেলের দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং সভাপতি জহিরুল ইসলামের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় শিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।