কক্সবাজার আ.লীগের সম্মেলন এক বছরে স্থগিত পাঁচবার
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন আবারও স্থগিত করা হয়েছে। গত শনিবার সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রের নির্দেশে তা স্থগিত করা হয়। এর আগে গত এক বছরে পাঁচবার সম্মেলনের তারিখ স্থগিত করা হয়।
দলীয় সূত্র জানায়, সম্মেলন স্থগিত করে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের পৃথকভাবে ৭১ সদস্যের জেলা কমিটি তৈরি করে আগামী সাত দিনের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেনের কাছে পাঠাতে বলেছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। এরপর দলীয় সভানেত্রী শেখ হাসিনা তা যাচাই-বাছাই করে যোগ্য ও ত্যাগী নেতাদের দিয়ে জেলা কমিটি ঘোষণা করবেন।
এর সত্যতা নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রণজিৎ দাশ বলেন, ইতিমধ্যে আটজন সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী কমিটি তৈরির কাজ শুরু করে দিয়েছেন। নেত্রীর নির্দেশে যে কমিটি ঘোষণা করা হবে, তা সবাই মেনে নেবেন।
দলীয় সূত্র জানায়, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক শাহ আলম চৌধুরী ও জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী সভাপতি হতে ইচ্ছুক।
অন্যদিকে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তালেব সাধারণ সম্পাদক প্রার্থী।
সাধারণ সম্পাদক প্রার্থী নুরুল ইসলাম ও মুজিবুর রহমান বলেন, কেন্দ্রের নির্দেশে তাঁরা পৃথকভাবে জেলা কমিটি তৈরি করছেন।
সভাপতি প্রার্থী সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘জেলা আওয়ামী লীগের কমিটি করে দেওয়ার জন্য মোশাররফ ভাইকে (ইঞ্জিনিয়ার মোশাররফ) দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর নির্দেশে আমিও কমিটি তৈরির কাজ শুরু করেছি। দু-তিন দিনের মধ্যে জমা দেব। এরপর সব কমিটি দেখে দলীয় সভানেত্রী শেখ হাসিনা কমিটি ঘোষণা করবেন। ফলে জেলা কমিটির সম্মেলন আর দরকার পড়ছে না।’
সভাপতি প্রার্থী এ কে আহমদ হোসেন বলেন, অন্য প্রার্থীরা পৃথক কমিটি তৈরি করে কেন্দ্রে পাঠালেও তিনি তা করবেন না। কারণ, জাতীয় সংসদ নির্বাচনের আগে ওপর থেকে একটি কমিটি চাপিয়ে দেওয়া হলে দলীয় কোন্দল বাড়বে। যার প্রভাব নির্বাচনে পড়বে। এখন সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব তৈরি করা দরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের কয়েকজন নেতা বলেন, সম্মেলন অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে জেলার আট উপজেলা ও তিন পৌরসভায় ২৯৮ জন কাউন্সিলর করা হয়েছে। কাউন্সিলরদের ঠিক রাখতে একাধিক প্রার্থী ইতিমধ্যে কয়েক কোটি টাকা খরচ করে ফেলেছেন।