কক্সবাজার আদালতে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে আদালত সহায়ক কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার
কক্সবাজারে আদালত সহায়ক কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সহায়ক কর্মচারীদের সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান ১৫ জুন আদালতের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। ৭ জুন থেকে শুরু হওয়া এই কর্মশালা আয়োজন করে মুখ্য বিচারিক হাকিমের আদালত।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার। তিনি বলেন, আইনজীবীদের মতো সহায়ক কর্মচারীরাও আদালতের একটি অংশ। অর্ডার লিখতে গিয়ে কর্মচারীরা ভুল করলে বিচারকদের বিব্রত হতে হয়। কারণ ইসলামের দৃষ্টিতে বিচারকেরা আল্লাহর প্রতিনিধিত্ব করেন। ন্যায়বিচারের প্রতি তাঁদের (বিচারকদের) অবিচল থাকতে হয়। সে ক্ষেত্রে কর্মচারীদের সতর্ক ও দুর্নীতিমুক্ত থাকতে হবে।
তিনি কর্মচারীদের সততার সঙ্গে কাজ করার অনুরোধ জানিয়ে বলেন, দুর্নীতি করলে কারও রক্ষা নেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ তৌফিক আজিজ। বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে আহমদ হোসাইন।
মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ তৌফিক আজিজ বলেন, আদালত সহায়ক কর্মচারীদের দৈনন্দিন কাজের ভুলভ্রান্তি দূর করা ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রথমবারের মতো এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও তা অব্যাহত রাখা হবে।
উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মাহবুবুর রহমান ও মো. সাদেকুর রহমান, নারী ও শিশু নির্যাতন বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক সুলতান মাহমুদ, জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফি উদ্দিন, সরকারি কৌঁসুলি মমতাজ আহমদ, নুরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খান প্রমুখ।
কর্মচারীদের প্রশিক্ষণ দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুহিউদ্দিন মুরাদ, অরূপ পাল ও শফি উদ্দিন। শেষে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করেন জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার। —নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার