কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস
নতুন নকশা অনুমোদন, নতুন কর ধার্য, নির্মাণাধীন ইমারতের নির্মাণকাজ বন্ধ ও অপসারণ, জলাশয়ের খনন ও টিলা কাটার কাজ বন্ধের এখতিয়ার দিয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল জাতীয় সংসদে পাস হয়েছে।
বিলে আইন অমান্য করলে দুই বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এ ছাড়া কর্তৃপক্ষের কোনো আদেশ বা নির্দেশের বিরুদ্ধে কোনো দেওয়ানি আদালতে প্রশ্ন বা আপত্তি উত্থাপন করা যাবে না। কর্তৃপক্ষের কোনো কাজে বিঘ্ন সৃষ্টি করলে বা কোনো সীমানাচিহ্ন অপসারণ করলে এক বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বিলটি পাস করার প্রস্তাব উত্থাপন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিলের ওপর আনা সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
বিলে বলা হয়েছে, এই আইন কার্যকর হওয়ার পর কক্সবাজার পৌরসভাসহ কর্তৃপক্ষের আওতাধীন অন্যান্য পৌরসভা কোনো নির্মাণকাজ বা খননকাজের অনুমতি দিলে তা বেআইনি ও অকার্যকর বলে গণ্য হবে। এসব স্থানীয় প্রতিষ্ঠান কোনো নকশা, জলাধার খনন বা পুনঃখননের অনুমোদন দিতে পারবে না। এ আইন অমান্য করলে দুই বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। মহাপরিকল্পনার সঙ্গে সংগতি রেখে উন্নয়ন কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে ইমারতের নকশা, ইমারত নির্মাণ, পুকুর বা জলাধার খননসংক্রান্ত বিষয়ে অনুমোদন দিতে পারবে।