কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ

অবশেষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির প্রথম চেয়ারম্যান নিযুক্ত হলেন অবসরপ্রাপ্ত লে. কর্নেল ফোরকান আহমদ। গতকাল বুধবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন। গত ফেব্রুয়ারি মাসে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৬ জাতীয় সংসদে পাস হয়।
জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘নবনিযুক্ত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন কক্সবাজারের চার সাংসদ আবদুর রহমান, সাইমুম সরওয়ার, আশেক উল্লাহ, সংরক্ষিত নারী আসনের সাংসদ খোরশেদ আরা হক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।
সভায় মন্ত্রী মোশাররফ হোসেন বলেন, কক্সবাজারকে ঘিরে প্রধানমন্ত্রীর মহা-উন্নয়ন পরিকল্পনা রয়েছে, যা ইতিমধ্যে রূপ পেতে শুরু করেছে। মহেশখালী, পেকুয়া ও টেকনাফে ছয়টি পৃথক অর্থনৈতিক জোন, কক্সবাজার পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, বিদেশি পর্যটকদের জন্য সাবরাংয়ে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনসহ ১৫টির বেশি মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এই কক্সবাজারে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে কক্সবাজারের চেহারা পাল্টে যাবে। পরিকল্পিত ও পরিবেশবান্ধব ‘কক্সবাজার’ গড়ে তুলতে দেশের পঞ্চম উন্নয়ন কর্তৃপক্ষ হিসেবে ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠিত হয়েছে।
মন্ত্রী নবনিযুক্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে শহরের প্রতিটি ভবনে নিজস্ব পয়োনিষ্কাশনব্যবস্থা তৈরির জন্য মালিকদের ওপর চাপ সৃষ্টি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

দায়িত্ব গ্রহণের পর লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ বলেন, একটি আধুনিক ও পরিকল্পিত পর্যটননগরী হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে তিনি চেষ্টা চালাবেন।