কক্সবাজার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত শহর কক্সবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। এখানকার ১৫টি অর্থনৈতিক জোন বাস্তবায়িত হলে কক্সবাজারের চেহারা পাল্টে যাবে। কক্সবাজার হবে দেশি-বিদেশি পর্যটকের মিলনকেন্দ্র।
প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসান গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজারের জেলা প্রশাসক সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন।
সভায় জেলার বিভিন্ন স্থানে বাস্তবায়নাধীন ১৫টি মেগা প্রকল্প বা অর্থনৈতিক জোনের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মাদারবাড়িতে ৩৯ হাজার কোটি টাকার ১২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প, মহেশখালীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এলএনজি ও কয়লাভিত্তিক চারটি তাপবিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক, মহেশখালী-আনোয়ারা পর্যন্ত ৪৫ কিলোমিটারের গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রকল্প, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প, খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১২৬ কিলোমিটারের রেললাইন প্রকল্প ইত্যাদি।
জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা প্রমুখ।
সভায় বক্তারা পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, শহরের প্রধান সড়কের যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসনে বাঁকখালী নদী খনন, স্থায়ী শহররক্ষা বাঁধ নির্মাণসহ নানা প্রস্তাব তুলে ধরেন।