কক্সবাজার উপকূল থেকে পাঁচ লাখ মানুষ সরিয়ে নেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেন ধেয়ে আসার কারণে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে পাঁচ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে জেলার কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, পেকুয়া, চকরিয়াসহ বিভিন্ন উপজেলায় ২০ হাজার মানুষকে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। বাকি লোকজনকে গতকাল রাত আটটার আগে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য দিনভর মাইকিং করা হয়েছে। জেলা প্রশাসক মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, উপকূলের অন্তত পাঁচ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হচ্ছে। এ জন্য ৫৩৪টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং সাত শতাধিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও বেসরকারি ভবন খুলে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা প্রস্তুত আছেন। সাত হাজারের মতো স্বেচ্ছাসেবীকেও প্রস্তুত রাখা হয়েছে। গতকাল সকাল থেকে আকাশ পরিষ্কার ছিল। বিকেল চারটার দিকে কক্সবাজারের বিভিন্ন উপকূলে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়। সাগর প্রচণ্ড উত্তাল। কক্সবাজার উপকূলে ৭ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গতকাল কক্সবাজার পৌরসভার বিভিন্ন গ্রামে দেখা যায়, লোকজন ঘরের মালামাল নিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। পেকুয়ার মগনামা ও উজানটিয়া ইউনিয়নে বিকেল চারটা থেকে লোকজনকে আশ্রয়কেন্দ্রে আসতে দেখা যায়। টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার বিভিন্ন উপকূলেও একই অবস্থা দেখা যায়।এদিকে জেলার সমুদ্র উপকূলের প্রায় ৭০০ স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে।৬০ গ্রামে প্লাবন: জোয়ার আর ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে চার-পাঁচ ফুট উচ্চতা বৃদ্ধি পেয়ে উপকূলে আছড়ে পড়ছে। ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়া উপজেলার অন্তত ৬০টি গ্রাম প্লাবিত হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, জেলার আট উপজেলায় বেড়িবাঁধ রয়েছে ৫১৯ কিলোমিটার। এর মধ্যে প্রায় ১২টি অংশে সাত কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। আর অর্ধেকের বেশি ভেঙে গেছে আরও ২০ কিলোমিটার। এসব স্থান দিয়ে জোয়ারের পানি ঢুকে বিভিন্ন গ্রাম তলিয়ে যাচ্ছে।