কক্সবাজার উপকূলে ছয় ট্রলারে ডাকাতি, ২১ জেলে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে গত বৃহস্পতিবার বিকেলে জলদস্যু বাহিনীর কবলে পড়ে ছয়টি ট্রলার। ট্রলারগুলো থেকে প্রায় ৮০ লাখ টাকার মাছ, জাল, ইঞ্জিনসহ অন্যান্য মালামাল লুট করে জলদস্যুরা। এ সময় জলদস্যুদের গুলিতে চার জেলেসহ অন্তত ২১ জন আহত হন।ট্রলারে ডাকাতির প্রতিবাদে বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরের একটি হোটেলে জরুরি বৈঠক ডাকে বোট মালিক সমিতি। সমিতির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন নুরুল ইসলাম, মাহবুবুল হক প্রমুখ।সমিতি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে কুতুবদিয়া উপকূল থেকে প্রায় ২৫ কিলোমিটার পশ্চিমে দুটি ট্রলার নিয়ে ৫০-৬০ জন জলদস্যু গুলি করতে করতে ছয়টি মাছ ধরার ট্রলার ঘিরে ফেলে। ওই ট্রলার ছয়টি হলো: কক্সবাজার শহরের এফবি শাহজাহান, এফবি আজমীর, এফবি শওকত, এফবি সোহেল, বাঁশখালীর এফবি শাহজালাল ও মহেশখালীর এফবি খাজা আজমির। এ সময় একজন মাঝি (সারেং) এবং তিনজন জেলে গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে মাঝি উকিল আহমদ এবং জেলে আবুল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত আরও ১৭ জেলেকে কক্সবাজার, কুতুবদিয়া ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আহত জেলে জানান, বন্দুক ও দা হাতে হামলা চালায় মুখোশধারী দস্যুরা। ট্রলারগুলোতে উঠেই তারা জেলেদের মারধর করে হাত-পা বেঁধে মাছ, জাল, ইঞ্জিনসহ জ্বালানি তেল লুট করে।বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল হক জানান, কুতুবদিয়া থেকে সেন্ট মার্টিন পর্যন্ত উপকূলে বর্তমানে সাতটি জলদস্যু বাহিনী তৎপর রয়েছে। এসব দলের চার শতাধিক দস্যুর হাতে জেলার এক লাখের বেশি জেলে জিম্মি হয়ে পড়েছেন। চলতি মাসে এ পর্যন্ত অন্তত ৪০টি ট্রলার জলদস্যুদের কবলে পড়ে।কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, জলদস্যুদের ধরতে তালিকা তৈরি হচ্ছে। তবে গভীর সাগরে ডাকাতি বন্ধে পুলিশের কোনো ব্যবস্থা নেই। চট্টগ্রাম থেকেই কোস্টগার্ডের টহল নিয়ন্ত্রণ করা হয়।