কক্সবাজার উপকূলে জলদস্যুরা বেপরোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে জলদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে। একাধিক সশস্ত্র দস্যু দল গভীর সাগরে মাছ ধরার নৌকা থেকে মাছ-জাল লুট করছে।
জেলেরা জানান, দস্যুরা শুধু মাছ ও জাল লুট করে না, অনেক সময় জেলেদের বেদম মারধরও করে। দস্যুদের চিনে ফেললে হাত-পা বেঁধে জেলেদের সাগরে ফেলে দেয়। রাতের অন্ধকারে লুটপাটের ঘটনা ঘটে বলে অন্য জেলেদের সহযোগিতাও পাওয়া যায় না।
জেলেরা জানান, গত শনিবার দিবাগত রাতে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে এফবি মান্নান ট্রলারে দস্যুরা হানা দিয়ে কয়েক লাখ টাকার ইলিশ লুট করে। এ সময় দস্যুদের মারধরে দুই জেলে আহত হন। ট্রলারের মালিক কক্সবাজার শহরের নুনিয়াছটার আবুল কালাম বলেন, আট দিন আগেও দস্যুরা এই ট্রলার থেকে সাত লাখ টাকার মাছ ও জাল লুট করেছিল।
টেকনাফ বোট মালিক সমিতির সভাপতি মো. আয়ুব বলেন, গত শুক্রবার রাতে সেন্ট মার্টিন ও টেকনাফ উপকূলে পাঁচটি ট্রলার থেকে ২০ লাখ টাকার মাছ ও জাল লুট করে দস্যুরা। এ সময় বেদম প্রহারে আহত হন তিন ট্রলারের ১১ জেলে। নিরাপত্তার ভয়ে এখন অনেক জেলে সাগরে নামতে রাজি হচ্ছেন না।
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, ঈদের খরচ মেটানোর জন্য বর্তমানে ছয় হাজার ট্রলার নিয়ে এক লাখ জেলে সাগরে মাছ ধরছেন। কিন্তু মাছ নিয়ে ঘাটে ফেরার সময় প্রায় প্রতিদিন জেলেরা দস্যুদের কবলে পড়ছেন।
সূত্র জানায়, সেন্ট মার্টিন থেকে কুতুবদিয়া পর্যন্ত জেলার ৮০ কিলোমিটার সাগর উপকূলে বর্তমানে ১৪টি বাহিনীর চার শতাধিক জলদস্যু লুটপাট চালাচ্ছে। এসব দস্যু দলের অধিকাংশ সদস্যই রোহিঙ্গা।
জেলেদের দেওয়া তথ্য অনুযায়ী, সোনাদিয়া, ধলঘাটা ও কুতুবদিয়া চ্যানেলে ডাকাতি করছে ফরিদ, জাম্বু, খলিল, জসু ও কালাবাঁশি বাহিনীর দুই শতাধিক দস্যু। সেন্ট মার্টিন, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া ও বাঁশখালী উপকূলে ডাকাতি করছে বাদল, বাবুল, রমিজ, আবদুল হাকিম, গফুর, শুক্কুর ও ধলু হোসন বাহিনীর আরও আড়াই শ সদস্য।
জেলেরা বলেন, দস্যু দল সশস্ত্র হওয়ায় তাঁরা দস্যুদের প্রতিরোধ করতে পারছেন না। ইলিশ ধরার মৌসুমে দস্যুদের অপতৎপরতা বন্ধ করা না গেলে মাছের সংকট দেখা দিতে পারে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার বলেন, পুলিশ উপকূলে অভিযান চালিয়ে দস্যু বাহিনীর প্রধান কুতুবদিয়ার রমিজ, দিদার, সোনাদিয়ার জাম্বু ও নাগুকে গ্রেপ্তার করেছে। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন কুতুবদিয়ার দস্যুসম্রাট বাদল। টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া ও চকরিয়া উপকূলে অভিযান চালিয়ে আরও ১৫ জলদস্যুকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।