কক্সবাজার উপকূলে ট্রলার ডুবি, ৬ জেলের লাশ উদ্ধার
বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে গতকাল রোববার ভোরে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। বিকেলে জোয়ারের ধাক্কায় ট্রলারটি শহরের নাজিরারটেক উপকূলে চলে আসে। গতকাল রাত সাড়ে আটটা পর্যন্ত ট্রলারের ভেতর থেকে ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ট্রলারের তিন জেলে।
জেলেরা বলেন, নয় জেলেসহ ট্রলারটি বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে উল্টে (ডুবে) যায়। ঝোড়ো হাওয়ার কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার করা ছয় লাশের পরিচয় শনাক্ত করেছেন। তাঁরা হলেন খুরুশকুল ইউনিয়নের রাস্তাপাড়ার তারেক আহমদ (২৬), ঘোনারপাড়ার রহমত উল্লাহ (২৮), ফকিরপাড়ার কবির আহমদ (৩৪), কাউয়ারপাড়ার নুরুল কবির (ট্রলার-মালিকের ভাই), মহেশখালীর আবুল হোসেন (২৯) ও টেকনাফের জাফর আলম (৪০)। জাফর আলম ও আবুল হোসেন থাকেন খুরুশকুলের দক্ষিণ ডেইলপাড়ায়।
রাতে ঘটনাস্থল থেকে কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রহিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ছয় ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ট্রলারের ভেতরে আরও লাশ থাকতে পারে। সাগর উত্তাল থাকায় এবং রাতের অন্ধকারের কারণে উদ্ধার তৎপরতা চালাতে সমস্যা হচ্ছে।
ট্রলারের মালিক কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের কাউয়ারপাড়ার বাসিন্দা আবু তাহের। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ট্রলারে নয় জেলের মধ্যে তাঁর দুই ভাই ছিলেন। এর মধ্যে নুরুল কবিরের লাশ উদ্ধার হলেও ছোট ভাই আহমদ কবিরের সন্ধান পাননি। তাঁর ধারণা ট্রলারের ভেতরে কবির আটকে থাকতে পারেন।
ট্রলারের মালিক বলেন, দীর্ঘ তিন মাস পর নয় জেলে নিয়ে ট্রলারটি ১৮ আগস্ট সাগরে মাছ ধরতে যায়। নিম্নচাপের কারণে সাগর উত্তাল হয়ে পড়ায় গতকাল ভোরে ট্রলারটি উপকূলের দিকে ছুটে আসছিল। ভোর পাঁচটার দিকে ট্রলারটি মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে পৌঁছায়। এরপরই ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।